ধুনটে অগ্নিকান্ডে পুড়ল ৫ কৃষকের স্বপ্ন
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় বৈদুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ৫টি কৃষক পরিবারের ১৫টি ঘর, আসবাবপত্র, গবাদিপশু ও নগদ টাকা পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রবিবার ভোর ৪টার দিকে এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি দক্ষিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন উপজেলার তারাকান্দি গ্রামের ইছাহাক আলীর ছেলে আইয়ুব আলী, ইউনুস আলী, রফিকুল ইসলাম, মোস্তাক হোসেন ও রসুল মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তারাকান্দি গ্রামের রসুল মিয়া তার পরিবার নিয়ে অন্যান্য দিনের মতো শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে তার বসতঘরের সাথে লাগানো গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে আইয়ুব আলী, ইউনুস আলী, রফিকুল ইসলাম, মোস্তাক হোসেন ও রসুল মিয়ার বসতঘরসহ ১৫টি ঘর, আসবাবপত্র, ৩০০মন ধান ও নগদ ২লাখ টাকা এবং রসুল মিয়ার গোয়াল ঘরে থাকা ২টি গরু ও ২টি ছাগল পুড়ে প্রায় ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনেন। ধুনট উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ৫টি পরিবারের ১৫টি ঘর ও অন্যান্য মালামালসহ প্রায় ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি