৬ মে ২০২৬

ধুনটে নদীতে অবৈধ বেড়া দিয়ে মাছ শিকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে নদীতে অবৈধ বেড়া দিয়ে মাছ শিকার

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীতে আড়াআড়িভাবে বাঁশ ও জালের বেড়া দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে। এতে মা-মাছ ও পোনাসহ সব ধরনের মাছ ধরা পড়ছে। এভাবে মাছ ধরায় বিপাকে পড়েছেন সাধারণ জেলেরা।সরকারি নীতিমালা অনুযায়ী নদীজুড়ে এভাবে বেড়া দিয়ে মাছ শিকার অবৈধ। তারপরও প্রায় এক সপ্তাহ ধরে এভাবে মাছ ধরা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। নদীতে ছোট ফাঁসের জাল ব্যবহার করায় দেশি মাছের পোনাও ধ্বংস হচ্ছে।মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী নদী বা প্রবাহমান স্রোতধারায় বেড়া বা বাঁধ দিয়ে মাছ শিকার করা দন্ডনীয় অপরাধ। কিন্তু এ আইন লঙ্ঘন করে প্রতিবছরের ন্যায় এবারও বাঙ্গালী নদীতে অবৈধভাবে বেড়া দিয়ে অবাধে মাছ নিধন করা হচ্ছে। এতে ডিমওয়ালা দেশি জাতের মাছ যেমন নিধন হচ্ছে, তেমনি বাধাগ্রস্ত হচ্ছে নৌ চলাচল ও পানির প্রবাহ।রোববার সরেজমিনে দেখা গেছে, পানি কমে যাওয়ায় বাঙ্গালী নদীর প্রস্থ্য ছোট হয়ে গেছে। সরু আকারের নদীর বথুয়াবাড়ি সেতুর উত্তর পাশে মাছ শিকারের জন্য নদীর এপাড় থেকে ওপাড় অবধি বাঁশ ও জাল দিয়ে আড়াআড়িভাবে দুটি বেড়া দেওয়া হয়েছে। একটি থেকে অপরটির দূরত্ব প্রায় ৪০০ ফুট। বেড়ার সঙ্গে ছোট ফাঁসওয়ালা জাল পানির ওপর থেকে শুরু করে মাটি পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে।

নদীর বুকে বেড়ার মাঝখানে তিনটি ডিঙ্গি নৌকা দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করছে উপজেলার পেঁচিবাড়ি গ্রামের নিখিল চন্দ্র হাওয়ালদারের নেতৃত্বে ১৮ জন জেলে। এদিকে নদীতে বেড়া দিলেও নৌযান চলাচলের জন্য কোন জায়গা খোলা রাখা হয়নি। ফলে নদীপথে নৌযান চলাচল বন্ধ রয়েছে।এ বিষয়ে উপজেলার পেঁচিবাড়ি গ্রামের নিখিল চন্দ্র হাওয়ালদার বলেন, প্রায় ৪০ বছর ধরে এভাবেই নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। কিন্ত এভাবে মাছ ধরা সরকারি ভাবে নিষিদ্ধের বিষয়টি জানা নেই। এ কারনে প্রশাসনের নিকট থেকে অনুমতি নেওয়া হয়নি।ধুনট উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, বাঙ্গালী নদীতে বেড়া দিয়ে এভাবে মাছ ধরতে জেলেদের নিষেধ করা হয়েছে। বেড়া অপসারণ না করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, বাঙ্গালী নদীতে অবৈধভাবে বাঁশ ও জালের বেড়া দিয়ে মাছ ধরার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি