ধুনটে চোরাই গরু জবাই করে বিক্রির চেষ্টায় আটক ১
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় এক কৃষকের চুরি যাওয়া গাভী জবাই করে বিক্রির চেষ্টা করার সময় গরু মালিক হাতে নাতে ধরে ফেলেছে। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার নলডাঙ্গা বাজার এলাকায় ফরিদ কসাইয়ের বাড়ির সামনে থেকে জবাই করা গাভীটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে উপজেলার নয়া উল্লাপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে কৃষক আনোয়ার হোসেনের গোয়াল ঘর থেকে ২ লাখ টাকা মূল্যের ১টি গাভী ও ১টি বকনা গরু চুরি যায়। রাতেই কৃষক আনোয়ার হোসেন মাইকিং করে গরু চুরি যাওয়ার বিষয়টি প্রচার করেন। চুরি যাওয়া গরুর খোঁজে নলডাঙ্গা বাজার এলাকায় পৌছলে সেখানে জবাই করা গরু দেখে আনোয়ার হোসেনের সন্দেহ হয়। এসময় গরুর চামড়া দেখে গরু মালিক তার গরু সনাক্ত করলে সেখান থেকে ফরিদ কসাই ও তার ভাগ্নে লাল চানসহ বাকি সঙ্গীরা জবাই করা গরু রেখে কৌশলে পালিয়ে যায়। এঘটনার পর ফরিদ কসাইয়ের বাড়ি থেকে চোরাই বকনাসহ ১১টি গরু থানা হেফাজতে নিয়েছে পুলিশ। পরে থানা পুলিশ গরু চুরি সাথে জড়িত থাকার সন্দেহে তারাকান্দি গ্রামের লাল চানের বাবা মুছা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জবাই করা গরু উদ্ধার করে মাংস বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পরে ফরিদ কসাইয়ের বাড়ি থেকে চোরাই সন্দেহে কৃষকের বকনা গরু সহ ১১টি গরু উদ্ধার করা হয়েছে। এঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যাচাই বাছাই করে প্রকৃত মালিকদের গরুগুলো ফেরৎ দেওয়া হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি