৭ মে ২০২৬

ধর্ষণ, নির্যাতন ও হত্যা বন্ধের দাবিতে গাইবান্ধায় এনসিটিএফের মৌন প্রতিবাদ ও স্মারকলিপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধর্ষণ, নির্যাতন ও হত্যা বন্ধের দাবিতে গাইবান্ধায় এনসিটিএফের মৌন প্রতিবাদ ও স্মারকলিপি

গাইবান্ধা প্রতিনিধি: ফেনীর নুসরাত হত্যাকা-সহ সারাদেশে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যা বন্ধ এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মৌন প্রতিবাদ করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা শাখার সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরে ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে ঘন্টব্যাপী এই কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রী। এতে সহযোহিতা করে গাইবান্ধা শিশু একাডেমি, প্লান ইন্টারন্যাশনাল ও সেভ দ্যা চিলড্রেন।

কর্মসূচিতে উপস্থিত ছিল এনসিটিএফ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান অন্তর, সহ-সভাপতি তাসকিনা জামান তমা, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরা ফেরদৌস, শিশু গবেষক ফররুখ আহম্মেদ, শিশু সাংবাদিক সানজিনা আক্তার সোনিয়া, চাইল্ড পার্লামেন্ট মেম্বার মো. মেহেদী হাসান, জেলা ভলান্টিয়ার শ্রাবণী রহমান ও মনির হোসেন মিলন প্রমুখ। প্রতিবাদ শেষে প্রায় দেড় কিলোমিটার পায়ে হেঁটে তারা জেলা প্রশাসক কার্যালয়ে যায়। সেখানে গিয়ে এনসিটিএফের সদস্যরা জেলা প্রশাসক মো. আবদুল মতিনের হাতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি তুলে দেয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে দিনদিন শিশুর প্রতি সহিংসতা এবং নির্যাতন বেড়েই চলেছে। পত্র-পত্রিকা খুললেই শিশু নির্যাতন এবং শিশুর প্রতি সহিংসতার খবর আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এসব নির্যাতনের খবর দেখে আমরা শিশুরা আতংকিত হয়ে পড়েছি। ২০১৮ সালের জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবর থেকে আমরা দেখেছি ৫২৭ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর এ বছর জানুয়ারি হতে মার্চ পর্যন্ত ১৪৫ জন ধর্ষণ ও ৪১৪ জন শিশু অন্যান্য নির্যাতনের শিকার হয়েছে। বিগত বছরের তুলনায় এ বছর প্রথম তিনমাসেই শিশু ধর্ষণ আরো বেড়েছে। সম্প্রতি নুসরাত হত্যাকান্ড যেন মধ্যযুগের বর্বরতাকেও হার মানায়। নুসরাত হত্যার ভয়াবহতা ও নির্মমতা আমাদেরকে আতংকিত করে তুলেছে। আমরা দেখেছি শিশু ধর্ষণ ও শিশু নির্যাতনরোধে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির রায় হলেও তার যথাযথ বাস্তবায়নের অভাব। আমরা ৬৪ জেলার সকল শিশুদের পক্ষ থেকে নুসরাতসহ এ পর্যন্ত ঘটে যাওয়া সকল শিশু নির্যাতন ও ধর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছি। ধর্ষণসহ অন্যান্য নির্যাতনের শিকার শিশুদের সু-চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা প্রদান করার জন্য আপনার নিকট বিশেষভাবে অনুরোধ করছি। ধর্ষক এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বাংলাদেশের সকল শিশুর পক্ষ থেকে দেশে নুসরাতের হত্যাকান্ড, অন্যান্য শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতন বন্ধসহ এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের বিনীত অনুরোধ জানানো হয় ওই স্মারকলিপিতে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি