
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ১ আগস্ট থেকে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প-কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আগে থেকে ঢাকায় অবস্থান কিংবা ইতিমধ্যে ঢাকায় চলে আসা শ্রমিকদের নিয়েই কারখানা চালু করা হবে বলে জানিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট শহিদুল আজিম বলেন, আমাদের অনেক শ্রমিক ইতিমধ্যে ঢাকায় চলে এসেছেন। সবমিলিয়ে প্রায় ৭০ শতাংশ শ্রমিক ঢাকায় অবস্থান করছেন। তাদের নিয়েই আপাতত সীমিত পরিসরে কারখানা চালু করা হবে।
তিনি জানান, এখনো যেসব শ্রমিক ঢাকার বাইরে আছেন তাদের ওপর কোনো চাপ নেই। তারা ধীরে ধীরে স্বাস্থ্য-বিধি মেনে চলে আসবেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিবের সংগে ব্যবসায়ী নেতারা সাক্ষাত করে রফতানিমুখী শিল্পকারখানা খোলা রাখার অনুরোধ জানান।
গত ১৩ জুলাই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের সব শিল্প কারখানা বন্ধ রাখার জন্য প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে ওই আদেশে ওষুধ, খাদ্য এবং চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্পকে এর বাইরে রাখা হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]