ডেসটিনির চেয়ারম্যান-এমডিকে কারাগারেই থাকতে হচ্ছে
বাংলাপ্রেস ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুই মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের জামিনের আবেদন খারিজ করেছেন দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে বিচারিক আদালতে থাকা ওই মামলা দুটির যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৬ সদস্যর আপিল বিভাগ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আইনজীবীরা বলেছেন, আপিল বিভাগে জামিনের আবেদন খারিজ হওয়ায় মোহাম্মদ হোসেন ও রফিকুল আমীনকে কারাগারেই থাকতে হচ্ছে।
এর আগে গত রবিবার (১৫ ডিসেম্বর) এ আবেদনের ওপর শুনানি সম্পন্ন হয়। আদালতে ডেসটিনির দুই কর্মকর্তার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
রবিবার খুরশীদ আলম খান বলেন, ২০১৬ সালের নভেম্বর ডেসটিনি তাদের গাছ বিক্রি করে টাকা দেবে, এমন শর্তে আপিল বিভাগ তাদের দুজনকে জামিন দিয়েছিলেন। শর্ত সংশোধন চেয়ে তারা ২০১৭ সালে আপিল বিভাগে আবেদন করেন। ওই আবেদন চলতি বছরের ৩০ নভেম্বর খারিজ হয়ে যায়। এখন তারা আবার জামিন চাইলেন। কিন্তু কোনো শর্ত পূরণ করেননি। আমরা আবেদন খারিজ করার আর্জি জানিয়েছি।
রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনসহ ডেসটিনি গ্রুপের ২২ জনের বিরুদ্ধে ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করেছিল দুদক।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ (এমএলএম) ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থের মধ্যে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা এবং এক হাজার ১৭৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ২০৪ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি করা হয়।
২০১৪ সালের ৫ মে এসব মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বর্তমানে এ মামলায় দুজনই কারাগারে রয়েছেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি