৫ সেপ্টেম্বর ২০২৬

দেশ যখনই সংকটে পড়েছে, তখনই বিএনপি হাল ধরেছে: প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম
দেশ যখনই সংকটে পড়েছে, তখনই বিএনপি হাল ধরেছে: প্রধানমন্ত্রী

 


বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলটির রাজনৈতিক ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যখনই দেশ সংকটে পড়েছে, তখনই বিএনপি দেশের হাল ধরেছে।

প্রধানমন্ত্রী বলেন, এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের সঙ্গে বিএনপি, শহিদ জিয়া ও প্রয়াত খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত। যখনই দেশ সংকটে পড়েছে, তখনই বিএনপি তার হাল ধরেছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

জ্বালানি সংকট ও বিদ্যুতের দুর্ভোগের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, আমরা একটি ভঙ্গুর অর্থনীতি ও জ্বালানি ব্যবস্থা ইনহেরিট করেছি। বিদ্যুতের কষ্টে থাকা সাধারণ মানুষ ও শিল্পমালিকদের কাছে দলের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। তবে আমরা শুধু এক্সকিউজ দিতে চাই না। ভবিষ্যতে যাতে এই সংকট আর না হয়, সেভাবেই সরকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।


প্রধানমন্ত্রী বলেন, এ মুহূর্তে দেশে বড় সমস্যা জ্বালানির সমস্যা। সমস্যা সমাধানে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাস্তবায়ন হতে কিছু সময় লাগবে।

তারেক রহমান বলেন, স্বৈরাচারই হোক অথবা অন্তর্বর্তী সরকারেরই সৃষ্ট সমস্যা হোক—সেগুলো সমাধানের চেষ্টা চলছে। এ সমস্যাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। কেউ যদি অরাজকতা করতে চায়, তাহলে দেশের আইনে বলা আছে তা কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি লুকিয়ে বা গুপ্তভাবে কিছু করেনি, জনগণের অধিকার আদায়ে বিএনপি সর্বদা রাজপথে ছিল। দেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যতগুলো নির্বাচন হয়েছে, ততবারই বিএনপি সরকার গঠন করেছে।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা একটি মানবিক রাষ্ট্র ও টেকসই গণতন্ত্র তৈরি করতে চাই, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে।

কিন্তু আমরা খেয়াল করছি, বিগত সরকারের রেখে যাওয়া সমস্যাগুলোকে পুঁজি করে কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে।

বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, স্বৈরাচারের সময়ে একটি রাজনৈতিক দল গুপ্তবেশ ধারণ করেছিল।

এখন সেই গুপ্তদের ভেতরে কি স্বৈরাচাররা লুকিয়ে থেকে এই অরাজকতাকে উসকে দিতে চাইছে? যারা বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে অরাজকতা তৈরি করতে চান, তাদের পরিষ্কারভাবে বলতে চাই-দেশের জনগণ এই সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা গণতান্ত্রিক রীতিনীতি সমুন্নত রাখব।

কিন্তু কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে আইনে বলা আছে কীভাবে তা নিয়ন্ত্রণ করতে হয়। প্রত্যেককে নিজ নিজ সীমার মধ্যে থাকা দরকার।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি