৫ মে ২০২৬

দায়িত্ব পেয়েই কি বদলে গেলেন মামদানি!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬, ১১:২৭ পিএম
দায়িত্ব পেয়েই কি বদলে গেলেন মামদানি!

বাংলাপ্রেস ডেস্ক:  নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ বেশ সতর্ক ও পরিমিত মেজাজে পার করছেন ৩৪ বছর বয়সি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা জোহরান মামদানি। 

নির্বাচনি প্রচারের সময় কট্টর প্রগতিশীল হিসেবে পরিচিত থাকলেও মেয়র হিসেবে দায়িত্ব পালনের শুরুতে তাকে অনেক ক্ষেত্রেই কৌশলী ও আপসকামী অবস্থানে দেখা যাচ্ছে।

জানুয়ারির শুরুতে দায়িত্ব নেওয়ার পর মামদানি গ্রাসি ম্যানশনে (মেয়রের সরকারি বাসভবন) উঠেছেন এবং নগরীর দৈনন্দিন প্রশাসনিক কাজে ব্যস্ত সময় পার করছেন।  আবাসন নির্মাণে আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং গণশৌচাগার স্থাপনের মতো জনহিতকর কাজের ঘোষণা দিলেও তার সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাজেটের ঘাটতি।  

নিউ ইয়র্ক সিটির বর্তমান অর্থবছরে ২ বিলিয়ন ডলার এবং আগামী বছরে ১০ বিলিয়ন ডলারের বিশাল ঘাটতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।  এই আর্থিক বাস্তবতা সামাল দিতে গিয়ে মামদানিকে তার উচ্চাভিলাষী সামাজিক কর্মসূচিগুলোতে কিছুটা ছাড় দিতে হতে পারে।

রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গভর্নর ক্যাথি হোকুলের সঙ্গে মামদানির ক্রমবর্ধমান সুসম্পর্ক নিয়ে।  অতীতে নিউইয়র্কের মেয়র ও গভর্নরের মধ্যে তিক্ত সম্পর্কের ইতিহাস থাকলেও, মামদানি সেই পথ মাড়াননি। বিশেষ করে শিশুদের জন্য 'ইউনিভার্সাল চাইল্ড কেয়ার' নিশ্চিত করতে তিনি গভর্নরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। 

এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ এবং পরবর্তী সময়ে যোগাযোগ বজায় রাখাও রাজনৈতিক পর্যবেক্ষকদের অবাক করেছে। তবে মামদানি এখনো তার মূল প্রতিশ্রুতি অর্থাৎ ধনীদের ওপর কর বাড়ানোর দাবিতে অটল রয়েছেন।

পুলিশি কার্যক্রম ও ধর্মীয় সংবেদনশীলতার বিষয়েও মামদানিকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে।  অতীতে নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) কড়া সমালোচক হলেও মেয়র হওয়ার পর তিনি পুলিশ কমিশনার জেসিকা টিশকে স্বপদে বহাল রেখেছেন এবং সাম্প্রতিক কিছু পুলিশি অ্যাকশনের প্রশংসা করেছেন।  

এদিকে ইসরাইল-ফিলিস্তিন ইস্যু এবং অ্যান্টিসেমিটিজম (ইহুদিবিদ্বেষ) নিয়ে তার কিছু সিদ্ধান্ত ও প্রাথমিক নীরবতা নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও পরবর্তীতে তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন।  বিশ্লেষকদের মতে, মামদানি খুব দ্রুত ভুল সংশোধন করে বাস্তবতার সঙ্গে মানিয়ে নিচ্ছেন, যা একজন নতুন মেয়র হিসেবে তার পরিণত কৌশলেরই বহিঃপ্রকাশ।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি