১২ মে ২০২৬

চরম সংকটে ব্রিটিশ প্রধানমন্ত্রী: পদত্যাগের দাবিতে সরব ৭০ এমপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ মে ২০২৬, ০২:১২ পিএম
চরম সংকটে ব্রিটিশ প্রধানমন্ত্রী: পদত্যাগের দাবিতে সরব ৭০ এমপি

বাংলাপ্রেস ডেস্ক: নিজ দল লেবার পার্টির আইনপ্রণেতাদের পদত্যাগের দাবির মুখে প্রবল চাপের মুখে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই দাবিতে চারজন মন্ত্রণালয় সহযোগী বা পিপিএস (পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি) পদত্যাগ করেছেন। হাউস অব কমন্সের লেবার পার্টির ৭০ জন সদস্যও (এমপি) তার পদত্যাগ দাবি করেছেন।

অবশ্য এর আগে সোমবার স্টারমার নিজেকে সংশোধনের জন্য সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। যদিও এতে যে তেমন সাড়া মেলেনি, ক্রমেই সেটা স্পষ্ট হচ্ছে। লন্ডনে দলের সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে স্টারমার দল ও ভোটারদের প্রতি তার পাশে থাকার আবেগঘন আহ্বান জানান। তিনি বলেন, নেতৃত্বের লড়াই এই মুহূর্তে কেবল বিশৃঙ্খলাই বয়ে আনবে। সেই সঙ্গে তিনি ভবিষ্যতে আরও সাহসী ভূমিকা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির শোচনীয় পরাজয় ঘটে। এতে দলের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে। এ ছাড়া অর্থনীতিসহ দেশটির নানা সমস্যা সমাধানে সাধারণ মানুষের পাশাপাশি দলের লোকজন তার ওপর সন্তুষ্ট নন।

পদত্যাগকারী পিপিএসরা হলেন উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামির সহযোগী মেলানি ওয়ার্ড, স্বাস্থ্যমন্ত্রীর সহযোগী জো মরিস, পরিবেশমন্ত্রীর সহযোগী টম রুটল্যান্ড ও ক্যাবিনেট অফিসের সহযোগী নওশাবাহ খান।

এই চার পিপিএস মনে করেন, ৬৩ বছর বয়সি স্টারমার ২০২৯ সালের পরবর্তী জাতীয় নির্বাচনে লেবার পার্টিকে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন। তারা একটি নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরুর আশা করছেন। এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মাস না হলেও অন্তত কয়েক সপ্তাহ সময় নিতে পারে।

পিপিএস কারা? : একজন পিপিএস মূলত কোনো মন্ত্রীর সহযোগী হিসেবে কাজ করার জন্য নিযুক্ত হন। যুক্তরাজ্যের পার্লামেন্টের ওয়েবসাইট অনুযায়ী, হাউস অফ কমন্সে মন্ত্রীর ‘চোখ–কান’ হিসেবে কাজ করার জন্য জুনিয়র এমপিদের মধ্য থেকে তাঁদের বাছাই করা হয়। এটি একটি অবৈতনিক পদ, তবে এর মাধ্যমে সরকারি কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি