১০ মে ২০২৬

চলতি মাসেই উপদেষ্টা পরিষদে আসছে নতুন মুখ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
চলতি মাসেই উপদেষ্টা পরিষদে আসছে নতুন মুখ
বাংলাপ্রেস ডেস্ক: বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কয়েকজন নতুন মুখ যুক্ত করার ব্যাপারে জোর আলোচনা চলছে। এছাড়া মন্ত্রণালয় ও বিভাগ বিতরণেও আসতে পারে রদবদল। এ ব্যাপারে সব রকমের প্রস্তুতিও নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সব ঠিক থাকলে চলতি মাসেই ড. ইউনূস নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে কিছু নতুন মুখ যোগ হতে পারে। সচিবালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রমে গতি আনতেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে। সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দুই বা ততোধিক মন্ত্রণালয় পরিচালনা করছেন। এর ফলে প্রশাসনিক কর্মকাণ্ডে ধীরগতি লক্ষ করা যাচ্ছে। যেসব উপদেষ্টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, তাদের কাজের চাপ কমাতে নতুন উপদেষ্টা যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। তবে এক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে কাজ করার পূর্ব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, কতদিনের মধ্যে উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ হবে, তার সঠিক তারিখ জানা যায়নি। তবে চলতি মাসের মধ্যেই নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হতে পারে। এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুতি নিয়ে রেখেছে। নতুন উপদেষ্টার সংখ্যা কত হবে সে বিষয়েও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। সচিবালয় সংশ্লিষ্ট সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সচিব, দফতর প্রধান ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অসহযোগিতার অভিযোগ উঠেছে। ফলে কাজের গতি অনেকটা কম লক্ষ করা যাচ্ছে। এ অবস্থায় নতুন উপদেষ্টা নিয়োগের পর প্রতিটি মন্ত্রণালয়ের অভ্যন্তরে প্রশাসনিক কাজ ও নজরদারিতে গতি আসবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত ৫ আগসাট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। শুরুতে প্রধান উপদেষ্টাসহ এই সরকারের উপদেষ্টা ছিলেন ১৭। এক সপ্তাহের ব্যবধানে ১৬ আগস্ট আরো চারজনকে যুক্ত করা হয়। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টা তিনটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। দুটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন ১০ জন। এছাড়া প্রধান উপদেষ্টার অধীনে আছে ৬টি মন্ত্রণালয় ও বিভাগ। সব মিলিয়ে সরকারের মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে ৫৮টি। এসব মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সর্বশেষ দ্বাদশ সংসদের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলেন ৪৫ জন। একাদশ সংসদের মন্ত্রিসভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ছিলেন ৪৭ জন। ড. ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের আমলে উপদেষ্টার সংখ্যা ছিল ১৬। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি