৬ মে ২০২৬

চকবাজারে ভয়াবহ আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৭৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চকবাজারে ভয়াবহ আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৭৬

বাংলাপ্রেস ডেস্ক: পুরান ঢাকার চকবাজারের পাঁচটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রথমে একটি ভবনে লাগা আগুন পাশের আরো চারটি ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ ও আহত হয়েছেন পথচারীসহ অর্ধ শতাধিক। আজ বৃহস্পতিবার সকালে আগুন পুরোপুরি না নিভলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।প্রত্যক্ষদর্শীরা জানান, পুরান ঢাকায় নন্দকুমার সড়কের চুড়িহাট্টায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে শাহী মসজিদের সামনে একটি বৈদ্যুতিক খুটির ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এরপরই পাশের খুটির আরো দুটি ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ তারা শুনেছেন। তারা বলেন, মুহূর্তেই আগুন লাগে জামাল কমিউনিটি সেন্টারে। আগুনের ভয়াবহতা এতো বেশি ছিল যে সে আগুন ছড়িয়ে পড়ে পাশের চারতলা ওয়াহিদ ম্যানশনে। ভবনটির প্রথম দুইতলায় প্রসাধন সামগ্রী, প্লাস্টিকের দানা ও রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম থাকায় আগুন ছড়িয়ে পড়ে পাশের আরো চারটি ভবনে। পাশের কয়েকটি খাবারের হোটেলের গ্যাস সিলিন্ডারেরও বিস্ফোরণ ঘটে। পুড়ে যায় সড়কে থাকা একটি প্রাইভেট কারসহ কয়েকটি যানবাহন। এসময় পুড়ে যাওয়া কয়েকটি মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। রাজধানীর প্রায় সবকটা ইউনিট কাজ করে আগুন নেভাতে। খুবই ঘন বসতি এবং রাস্তা সরু হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।ঘটনাস্থলে দায়িত্বপালন করা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, যেহেতু এখানে দাহ্য রাসায়নিক পদার্থ আছে, এগুলো খুবই বিস্ফোরণ ঘটছে। এগুলোর টেম্পার অনেক বেশি। এগুলোর সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে আমাদের ফায়ার ফাইটিং করতে হচ্ছে। রেসিডেনশিয়াল এরিয়াতে কোনো কেমিক্যালের গোডাউন থাকার কথা না।চকবাজার এলাকার বিদ্যুৎ ও গ্যাস লাইন সংযোগ সাময়িক বিচ্ছিন্ন করে আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করেছে। আশপাশের ভবনগুলো খালি করে সেখানকার বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

অগ্নিদগ্ধ ও আহত অন্তত ৬০ জন ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। এরমধ্যে অগ্নিদগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।দগ্ধ ব্যক্তিদের মধ্যে যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন তাঁরা হলেন রেজাউল (২১), জাকির হোসেন (৫০), সেলিম (৪৫), আনোয়ার (৫০), মোস্তাফিজ (৪০), জাহিদুল (২৮), ইভান (৩০), মাহমুদ (৫৭), রামিম (১২), সালাউদ্দিন (৫০), মোজাফ্ফর হোসেন (৩২), সোহাগ (২৬), সোহান (৩৫), ফজর আলী (২৫), হেলাল (২৫) ও সুজন (৪০)। আহতদের মধ্যে আল আমিন (৩৫), কাউছার (৩০), জাহাঙ্গীর (২৩), ছালাম (৩০), রবিউল (৪০), সালাউদ্দিন (৩৪), আনিছুর রহমান (৫০), তানজিল (১৪) ও রমজানের (১২) নাম জানা গেছে। আগুন দেখে হুড়োহুড়ি করে ভবন থেকে নামতে গিয়ে তাঁরা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের এক চিকিৎসক জানান, ক্লোজ জায়গায় বিস্ফোরণ ঘটেছে। সবারই শ্বাসনালী পুড়েছে কমবেশি। চারজনের বেশি পুড়েছে। তাদের অগ্নিদগ্ধের পরিমাণও বেশি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত ৬৫ জনের মরদেহ ঢাকা মেডিকেলে এসেছে। এঁদের মধ্যে ৫৭ জন পুরুষ, তিনজন শিশু ও পাঁচজন নারী। বেশির ভাগ মরদেহ মর্গে রাখা আছে। কিছু মরদেহ জরুরি বিভাগে রাখা আছে। অগ্নিকাণ্ডে ১৬ জন দগ্ধ হয়েছেন। কয়েকজনের অবস্থা গুরুতর। জরুরি বিভাগ ও বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী সিরাজুল ইসলাম ও সিনিয়র স্টাফ নার্স পারভীন বেগম এনটিভি অনলাইনকে জানান, চকবাজারে নিহতের ঘটনায় এখন পর্যন্ত ৭৬ জনের লাশ এসেছে ঢাকা মেডিকেলে। এর মধ্যে ৬৫ জনের মরদেহ মূল মর্গে এবং ১১ জনের মরদেহ জরুরি বিভাগে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডে শতাধিক ব্যক্তি আহত হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি