
বাংলাপ্রেস ডেস্ক: পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে চাচার বিরুদ্ধে মামলা করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সম্পত্তি উদ্ধারে ন্যান্সির পক্ষে মামলা করেছেন তার ভাই জাকারিয়া নোমান জনি। গত ১৭ জুন নড়াইলের একটি আদালতে মামলাটি করেন তিনি। ১৪৪ ধারায় মামলাটি করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ন্যান্সি বলেন, ‘আইন ও আদালতের প্রতি আমার আস্থা আছে। আশা করছি ন্যায়বিচার পাব’। আগামী ১২ জুলাই মামলার শুনানি হওয়ার কথা আছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নড়াইল জেলার কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া এলাকার চোরখালি মৌজায় ন্যান্সির বাবা প্রয়াত সৈয়দ নাইমুল হকের ১৬ শতক পৈতৃক জমি আছে এবং তার বাবা নাইমুল হক ও মা মায়াতুন নাহারের ক্রয়কৃত আরও ৮ শতক জমি আছে। ওয়ারিশ সূত্রে যার মালিকানা ন্যান্সি, তার দুই ভাই জাকারিয়া নোমান, শাহরিয়া আমান সানি ও অন্য ওয়ারিশরা।
তার সেজ চাচা সৈয়দ কামরুল হাসান দীর্ঘদিন ধরে এই জমি দখল করে আছেন বলে অভিযোগ করেন এই সঙ্গীত শিল্পী। বারবার বলার পরেও পৈতৃক সম্পত্তি দখলমুক্ত করতে না পেরে স্থানীয় থানায় বিষয়টি জানান ন্যান্সি। থানার পরামর্শে আদালতে গিয়ে মামলাও করেন তিনি।
ন্যান্সির অভিযোগ, তার বাবা মারা যাওয়ার পর সেখানে পুরো জমিতে বাউন্ডারি দেওয়াল তুলে দেন ন্যান্সির সেজো চাচা ও ফুফু। সেখানে তারা স্থাপনা নির্মাণ শুরু করেন। মামলা করার পর কিছুদিন কাজ বন্ধ ছিল। লকডাউনের মধ্যেও ন্যান্সির চাচা সৈয়দ কামরুল হাসান সেখানে কাজ শেষ করার জন্য তড়িঘড়ি করছেন।
নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু কোর্টে মামলা হয়েছে এখন আসলে আমাদের তেমন কিছু করার নেই। যদি ওনারা কোনো আইনি সহায়তা চান তা অবশ্যই আমরা দেব।’
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]