৮ আগস্ট ২০২৬

ব্যানার বিতর্কে মেসিদের কী শাস্তি হতে পারে?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৪৭ পিএম
ব্যানার বিতর্কে মেসিদের কী শাস্তি হতে পারে?

ছবি : রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:  ইংল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস সেমিফাইনাল জিতে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার উদযাপনে মাতোয়ারা আলবিসেলেস্তেরা। কিন্তু এই আনন্দের রেশ কাটার আগেই চরম এক বিতর্কে জড়িয়ে পড়লেন আর্জেন্টিনার ফুটবলাররা।

ম্যাচ শেষের পর মাঠের ভেতরেই এক সংবেদনশীল রাজনৈতিক ব্যানার প্রদর্শন করেছেন লিসান্দ্রো মার্তিনেস-লো সেলসোরা, যা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বুধবার রোমাঞ্চকর সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করার পর মাঠেই বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টাইন ফুটবলাররা। কিন্তু সেই উদযাপনের মাঝেই হঠাৎ একটি ব্যানার হাতে ক্যামেরায় ধরা পড়েন তারা। স্প্যানিশ ভাষায় লেখা সেই ব্যানারে পরিষ্কার অক্ষরে খোদাই করা ছিল—‘লাস মালভিনাস সন আরহেনতিনাস’, যার বাংলা অর্থ— ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’।

ম্যাচ শেষে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস এবং মিডফিল্ডার জিওভানি লো সেলসোকে বেশ হাস্যোজ্জ্বল মুখে ব্যানারটি উঁচিয়ে গ্যালারির দর্শকদের দিকে নাড়তে দেখা যায়। ইংল্যান্ডের বিপক্ষে এমন মহাগুরুত্বপূর্ণ জয়ের পর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এই দ্বীপপুঞ্জের দাবি সম্বলিত ব্যানার প্রদর্শন করাকে ইংলিশদের কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার মতোই দেখছেন ফুটবল বিশ্লেষকরা। তবে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা মাঠের ভেতরে এই ব্যানারটি কোথা থেকে এবং কার মাধ্যমে এসেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফুটবল মাঠে রাজনৈতিক পক্ষপাত বা কোনো বিশেষ প্রচারণার ব্যাপারে ফিফার নিয়ম বরাবরই কঠোর।

ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী— স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের রাজনৈতিক, আপত্তিকর কিংবা বৈষম্যমূলক ব্যানার, পতাকা, লিফলেট, পোশাক বা সরঞ্জাম প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ। আর্জেন্টিনার ফুটবলারদের এই প্রকাশ্য নিয়ম লঙ্ঘনের ঘটনার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে তাৎক্ষণিক মন্তব্য চাওয়া হলেও ফিফার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 

তবে ব্যানার প্রদর্শন করায় ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা। ফিফার নিয়ম অনুযায়ী, বড় অঙ্কের আর্থিক জরিমানা গুনতে হতে পারে আর্জেন্টিনার। এই একই ব্যানার প্রদর্শনের জন্য ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের পর ফিফা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০,০০০ পাউন্ড (প্রায় ৩৬,০০০ ডলার) জরিমানা করেছিল।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে এবং ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের বিপক্ষে এটি করায় এবার জরিমানার অঙ্ক আরও অনেক বেশি হতে পারে।

এছাড়া, লিসান্দ্রো মার্তিনেস ও জিওভানি লো সেলসো যেহেতু সরাসরি ব্যানারটি উঁচিয়ে ধরেছিলেন, তাই ফিফার ডিসিপ্লিনারি কমিটি তদন্ত সাপেক্ষে তাদের ব্যক্তিগতভাবে জরিমানা বা নির্দিষ্ট ম্যাচের জন্য নিষিদ্ধ করতে পারে। তবে ফাইনাল ম্যাচে তাদের নিষিদ্ধ করার মতো চরম কোনো শাস্তির সম্ভাবনা নেই বললেই চলে। সে ক্ষেত্রে মূলত আর্থিক জরিমানা এবং কঠোর সতর্কবার্তা আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি।  সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি