বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
বাংলাপ্রেস ডেস্ক: প্রস্তুতি ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করা বিশ্বচ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয়। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন লাওতারো মার্তিনেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো ও হুলিয়ান সিমিওনে।
বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা পেনাল্টি পায়। দ্বিতীয় মিনিটে বুরকিনা ফাসোর বেবেল দুম্বিয়ার ফাউলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তৃতীয় মিনিটে স্পট কিকে লাওতারো মার্তিনেজের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক গুইরা রাজাক। তবে ফিরতি বল পেয়ে গোল করতে ভুল করেননি লাওতারো। ফলে শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা।
এরপর ৮ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। বুরকিনা ফাসোর মৌমুনি দিয়ালো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন। ১৩ মিনিটে নিজের অভিষেককে স্মরণীয় করে তোলেন জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি। দারুণ এক আক্রমণ থেকে গোল করে আর্জেন্টিনাকে আরও এগিয়ে দেন তরুণ এই ফরোয়ার্ড। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় স্বাগতিকদের হাতে।
প্রথমার্ধের শেষ দিকে মাত্র দুই মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে আর্জেন্টিনা। ৩৪ মিনিটে নিকোলাস পাজ গোল করেন। তার দুই মিনিট পর, ৩৬ মিনিটে জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির পাস থেকে গোল করে নিজের গোলখরা কাটান হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধ শেষ হয় আর্জেন্টিনার বড় লিড নিয়ে।
দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। মাঠে নামেন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, মাতিয়াস সুলে, লিওনেল ফ্লোরেস, টমাস পালাসিওস ও লিওনার্দো বালের্দি। পরিবর্তিত খেলোয়াড়দের মধ্যেও দারুণ ছন্দ দেখা যায়।
৫৫ মিনিটের পর থেকে আর্জেন্টিনা আরও একাধিক সুযোগ তৈরি করে। ৫৬ মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো গোল করে ব্যবধান বাড়ান। মাতিয়াস সুলের অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি। জাতীয় দলের হয়ে এটি মাস্তানতুয়ানোর প্রথম গোল।
ম্যাচের শেষদিকে বুরকিনা ফাসো কয়েকটি আক্রমণের চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণ তা সামলে নেয়। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও একটি গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে দেন। পরে ৭৯ মিনিটে তাকে তুলে নিয়ে জেরোনিমো রুইলি মাঠে নামানো হয়।
ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনা আরও একটি গোলের সুযোগ তৈরি করে। সান্তিয়াগো কাস্ত্রোর শট পোস্টে লেগে ফিরে আসে। তবে শেষ পর্যন্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গুলিয়ানো সিমিওনে হেডে গোল করে আর্জেন্টিনার জয়কে আরও বড় করেন। ভ্যালেন্তিন বারকোর ক্রস থেকে পাওয়া সুযোগ কাজে লাগান তিনি।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি