বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান ভারতের আকাশে উড়তে পারবে না

বিদেশ ডেস্ক: ডিজিসিএ জানিয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানগুলি যাতে নিরাপদে যাত্রী পরিষেবায় পুনরায় নামতে পারে, তা নিশ্চিত করতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
ভারতের আকাশে বন্ধ করে দেওয়া হচ্ছে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান। বুধবার বিকেল চারটের পর থেকে আর ভারতীয় আকাশসীমায় উড়তে পারবে না এই বোয়িংয়ের এই নির্দিষ্ট মডেলের বিমানটি। বিশ্বের বিভিন্ন প্রান্তে সম্প্রতি বোয়িং সংস্থার এই বিমান দুর্ঘটনার কবলে পড়ার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ।
ভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, এই নির্দেশের জেরে ভারতীয় বিমানসংস্থাগুলির মধ্যে একমাত্র স্পাইস জেটই সমস্যায় পড়বে। কারণ, ভারতে একমাত্র স্পাইসজেটের হাতেই বোয়িংয়ের এই নির্দিষ্ট মডেলের বিমানটি রয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ডিজিসিএ এই নির্দেশিকা জারি করার পর থেকেই স্পাইস জেট বহু বিমান বাতিল করে দেয়। যদিও, সংস্থার দাবি বৃহস্পতিবার থেকেই অতিরিক্ত বিমান চালিয়ে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। আন্তর্জাতিক যে বিমানগুলি ভারতের আকাশসীমা ব্যবহার করে, তারা যাতে গন্তব্যে পৌঁছনোর বা ভারতীয় আকাশসীমা পেরিয়ে যাওয়ার পর্যাপ্ত সময় পায়, তা নিশ্চিত করতেই বুধবার বিকেল চারটে পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
ডিজিসিএ জানিয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানগুলি যাতে নিরাপদে যাত্রী পরিষেবায় পুনরায় নামতে পারে, তা নিশ্চিত করতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। প্রয়োজনীয় ত্রুটি সারিয়ে নিরাপত্তাজনিত যাবতীয় দিকগুলি সুনিশ্চিত না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা বলবৎ থাকবে।
জার্মানি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ওমান, চিন, ফ্রান্সের মতো বেশ কিছু দেশ ইতিমধ্যে এই একই পথে হেঁটেছে। বিশ্বের সাতাশটি বিমান সংস্থা এই মডেলের বিমান যাত্রী পরিষেবায় ব্যবহার করা স্থগিত রেখেছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি