বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গবন্ধু সেতুর ওপর ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
ওসি মোশারফ হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় দিয়ে ওঠার সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এসময় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বগিটি উদ্ধারে ঢাকা থেকে সংশ্লিষ্টরা রওনা দিয়েছেন।’
রেল সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগে টাঙ্গাইল প্রান্তের ভুয়াপুর উপজেলায় ট্রেনটির ‘ছ’ বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে সেতু রক্ষণাবেক্ষণকারী কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষকে অবগত করেন। সেতু রক্ষণাবেক্ষণকারী কর্তৃপক্ষের (বিবিএ) নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ পাভেল বলেন, ‘দুর্ঘটনার পরপরই ঢাকার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। আমরা তাৎক্ষণিক ট্রেনটি উদ্ধারের জন্য রেল কর্তৃপক্ষকে খবর দেই।’
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরাও রেল বিভাগের লোকজনকে জানাই। রেল বিভাগ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন সিরাজগঞ্জ থেকে আসছে বলে আমরা জেনেছি।’
এদিকে পশ্চিমাঞ্চল রেল বিভাগ পাকশীর ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, ‘সেতুর পূর্বপাড়ে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হবার খবর পেয়ে সেখানে তাৎক্ষণিক উদ্ধারের জন্য ঢাকা থেকে রিলিফ ট্রেন পাঠানোর জন্য বলা হয়েছে। যেহেতু সেতুর ওপর রিলিফ ট্রেন চলাচলের অনুমতি নেই, তাই ঢাকা থেকেই রিলিফ ট্রেন এনে উদ্ধার তৎপরতা চালানো হবে।’
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি