বাংলাপ্রেস ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে নিহত দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ ঘটনা।
নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার আজমপুর গ্রামের রেজাউল করিমের ছেলে জিহাদ (১৪), কবির ওরফে আনোয়ার হোসেনের ছেলে ও প্রাইভেটকারচালক বিজয় (২৩), ইলিয়াস আলীর ছেলে শিশির (১৪), মাসুম হোসেনের ছেলে সিফাত (১৫) ও ভাড়ইমারি গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে শাওন (১৫)।
আহত দুজন হলেন, জাপান আলীর ছেলে শাহেদ ওরফে জেটু ও সুসন হোসেনের ছেলে নাইম। তারা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতরা সবাই একে-অপরের বন্ধু।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রাতে তারা কয়েক বন্ধু প্রাইভেটকার নিয়ে বেড়াতে বের হয়। ঘোরাঘুরি শেষে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে দাশুরিয়া চিনিকলের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
পরে আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও দু'জনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
ওসি রফিকুল ইসলা জানান, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]