বিশ্বকাপের অবৈধ লাইভ স্ট্রিমিংয়ে ব্যবহৃত ১ হাজারের বেশি ওয়েব ডোমেইন জব্দ যুক্তরাষ্ট্রের
১,০০০টিরও বেশি ইন্টারনেট ডোমেইন জব্দ যুক্তরাষ্ট্রের
নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) জানিয়েছে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ম্যাচ অবৈধভাবে লাইভ স্ট্রিমিংয়ের সঙ্গে জড়িত ১,০০০টিরও বেশি ইন্টারনেট ডোমেইন জব্দ করা হয়েছে। মার্কিন কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বিশ্বকাপ চলাকালে তিন দফা অভিযানে এসব ডোমেইন জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেয় ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (এইচএসআই) ওয়াশিংটন ফিল্ড অফিস এবং ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস কো-অর্ডিনেশন সেন্টার।
বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল এ. টাইসেন ডুভা বলেন, বিশ্বকাপের অবৈধ স্ট্রিমিং বন্ধে এই অভিযান মেধাস্বত্ব সুরক্ষা এবং ২০২৬ বিশ্বকাপের সফল আয়োজন নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি জানান, ‘অপারেশন অফসাইডস’ কপিরাইট সুরক্ষার পাশাপাশি অবৈধ স্ট্রিমিং সাইটে থাকা ক্ষতিকর ম্যালওয়্যার থেকে ভোক্তাদের রক্ষা করতেও কাজ করছে।
তদন্তে দেখা যায়, জব্দ করা ডোমেইনগুলো অনুমতি ছাড়াই বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করছিল। ফিফা,বিইন মিডিয়া গ্রুপ, এনবিসি ইউনিভার্সাল, মোশন পিকচার অ্যাসোসিয়েশন -এর অ্যালায়েন্স ফর ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারটেইনমেন্ট (এসিই), ইউএফসি এবং ওয়ার্নার ব্রাদার্স তদন্তে সহায়তা করেছে।
বিশ্বকাপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, পেরু, প্যারাগুয়ে ও চিলিসহ বিভিন্ন দেশে ‘অপারেশন রেড কার্ড’ পরিচালিত হয়। এই অভিযানে শত শত অবৈধ স্ট্রিমিং সাইট বন্ধ করা হয়েছে এবং কলম্বিয়ায় জাল ক্রীড়া সামগ্রী উৎপাদন ও বিক্রির অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার ও দণ্ডিত করা হয়েছে।
বিচার বিভাগ জানায়, অবৈধ স্ট্রিমিং সাইট ব্যবহার করলে ব্যবহারকারীদের ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ, ব্যক্তিগত তথ্য ও অর্থ চুরির ঝুঁকি থাকে। তাই বিশ্বকাপ উপভোগের জন্য শুধুমাত্র অনুমোদিত ও বৈধ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
১ ভোটের ব্যবধানে জিতে ট্রাম্প সরকারের পরবর্তী অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ
সঙ্গীত একাডেমি