২৩ জুন ২০২৬

বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:৩৯ পিএম
বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যারা

ছবি : রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:   বিশ্বকাপের মঞ্চে গোল্ডেন বুটের লড়াইটা যে এতটা জমজমাট রূপ নেবে, তা হয়তো অতি বড় ফুটবল রোমান্টিকও কল্পনা করেননি। যেন কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নন! ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ডদের গোল করার এই অবিশ্বাস্য প্রতিযোগিতা টুর্নামেন্টকে রূপ দিয়েছে এক অনন্য উচ্চতায়।

মাত্র দুই ম্যাচ শেষেই এখন গোল্ডেন বুটের দৌড় রূপ নিয়েছে এক মহাকাব্যিক লড়াইয়ে।

আপাতত ৫ গোল নিয়ে তালিকার সবার উপরে আছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার ঠিক পেছনেই ৪টি করে গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। বিশ্বকাপ ইতিহাসের মাত্র দ্বিতীয়বারের মতো দুই ম্যাচ শেষেই তিনজন খেলোয়াড় ৪ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন।

এর আগে সর্বশেষ ১৯৫৪ সালের বিশ্বকাপে এমন গোলবন্যা দেখা গিয়েছিল।

গত কয়েক ঘণ্টায় ফুটবল বিশ্ব দেখেছে বিশ্বসেরা স্ট্রাইকারদের গোল করার এক অবিশ্বাস্য প্রদর্শনী। গোল উৎসবের শুরুটা করেছিলেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন ‘এলএম-টেন’।

মেসির এই কীর্তির জবাব দিতে সময় নেননি কিলিয়ান এমবাপ্পেও। আবহাওয়া বিপর্যয়ের কারণে বিঘ্নিত ম্যাচে ইরাকের বিপক্ষে জোড়া গোল করেন এই ফরাসি তারকা। আর এই ম্যাচ দিয়েই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন এমবাপ্পে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এমন পারফরম্যান্সের পর চুপ করে বসে থাকেননি নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ডও। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে শেষ ৩২-এ তুলতে বড় ভূমিকা রাখেন তিনি।

নিজের প্রথম বিশ্বকাপ ক্যারিয়ারের শুরুটা এর চেয়ে দুর্দান্ত বোধহয় হতেই পারত না হালান্ডের।

একজন গোল করলে যেন অন্যজন তাকে ছাড়িয়ে যাওয়ার পণ করেছেন। বিশ্বমঞ্চে সেরাদের এই দ্বৈরথ ফুটবলপ্রেমীদের এক অন্যরকম রোমাঞ্চ দিচ্ছে। আর এই লড়াইয়ের উত্তাপ আরও বাড়তে পারে আজ মঙ্গলবারই। ঘানার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করা ইংলিশ অধিনায়ক হ্যারি কেন আজ আবার মাঠে নামছেন নিজের গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে।

সেরাদের এই অবিশ্বাস্য গোলক্ষুধা নিয়ে ফরাসি ফুটবল বিশেষজ্ঞ জুলিয়েন লরেনস বিবিসি স্পোর্টসকে বলেন, ‘বড় তারকাদের তাড়নাটাই আলাদা, তারা সবসময় বল নিজের পায়ে চায়। আমার মনে হয়, তারা কেবল এবারের গোল্ডেন বুটের পেছনেই ছুটছেন না; তাদের মধ্যে কয়েকজন বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতার রেকর্ড ভাঙার লক্ষ্যেই মাঠে নামছেন।’

বিশ্বকাপের গ্রুপ পর্বের মাত্র শুরু, তাতেই যেভাবে রেকর্ডের পর রেকর্ড ভেঙে চুরমার হচ্ছে, তাতে গোল্ডেন বুটের এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন দেখার বিষয়। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি