৪ মে ২০২৬

বিশ্ববাজারে ফের বাড়ল সোনার দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ এএম
বিশ্ববাজারে ফের বাড়ল সোনার দাম

 


বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী এবং আসন্ন চাকরি প্রতিবেদনের দিকে বিনিয়োগকারীদের গভীর মনোযোগের মধ্যেই বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি দেখিয়েছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ স্পষ্ট হওয়ায় দাম ১ শতাংশের বেশি বেড়ে গেছে। বুধবার (১৯ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 


প্রতিবেদন অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৭ মিনিট (১০.৪৭ জিএমটি) পর্যন্ত স্পট সোনার দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ১১২ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। একইসঙ্গে ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন ফিউচার সোনার দামও ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ১১২ দশমিক ৯০ ডলার হয়েছে।


এফএক্সটিএম-এর সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট লুকমান ওটুনুগা বলেন, আগের সেশনে সোনার দাম মনস্তাত্ত্বিক সীমা ৪ হাজার ডলারের কাছ থেকে ঘুরে দাঁড়ানোর পর বাজারে সতর্কতার মধ্যেও আজ সোনা কিছুটা ঝলমল করছে।


বিনিয়োগকারীরা এখন অপেক্ষা করছেন ফেডের অক্টোবর বৈঠকের কার্যবিবরণী এবং বৃহস্পতিবার প্রকাশিত হতে যাওয়া সেপ্টেম্বরের চাকরি প্রতিবেদনের জন্য। রয়টার্স জরিপ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ হাজার নতুন চাকরি সৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে।

ওটুনুগা আরও বলেন, যদি নতুন অর্থনৈতিক তথ্য সুদের হার কমানোর পক্ষে যায়, তাহলে সোনার দাম ৪ হাজার ১৩০ থেকে ৪ হাজার ২০০ ডলার পর্যন্ত উঠতে পারে। তবে ফেড কর্মকর্তাদের কঠোর মন্তব্য বা প্রত্যাশার চেয়ে শক্তিশালী অর্থনৈতিক তথ্য এলে দাম আবার ৪ হাজার ডলারের নিচে নামতে পারে।


নতুন তথ্য অনুযায়ী, অক্টোবরের মধ্যভাগে যুক্তরাষ্ট্রে বেকারভাতা গ্রহণকারীর সংখ্যা দুই মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। অন্যদিকে, সুদের হার কমানোর সম্ভাবনা নিয়ে ট্রেডারদের প্রত্যাশা কমে ৪৬ শতাংশে নেমেছে, যা এক সপ্তাহ আগেও ৬৩ শতাংশ ছিল।

বিশ্লেষকদের মতে, ফেডের বৈঠকের কার্যবিবরণী থেকে নীতিনির্ধারকদের মধ্যে মুদ্রাস্ফীতি ও শ্রমবাজার নিয়ে মতপার্থক্য কতটা গভীর—সে বিষয়ে ধারণা পাওয়া যাবে।  সুদহার কমার সম্ভাবনা থাকলে সোনার জন্য তা ইতিবাচক পরিবেশ তৈরি করে, আর শ্রমবাজার শক্তিশালী থাকলে সোনার দাম চাপের মুখে পড়ে।

অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও উত্থান দেখা গেছে। স্পট সিলভারের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ৫২ দশমিক ২৭ ডলার, প্লাটিনাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৬৬ দশমিক ৩২ ডলার এবং প্যালাডিয়াম ২দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪৩৩ দশমিক ৪৬ ডলার প্রতি আউন্স হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি