বিসিবি সভাপতির পদ ছাড়লেন নাজমুল, নতুন সভাপতি ফারুক আহমেদ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নাজমুল হাসান–যুগের সমাপ্তি ঘটল। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় মেইলের মাধ্যমে নাজমুল হাসান পদত্যাগ করেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ হয়েছেন নতুন বোর্ড সভাপতি। বিসিবির এক পরিচালক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১২ সালে সরকার–মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। ২০১৩ সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। সেই থেকে নাজমুলই তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্বপালন করেছেন। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল নাজমুল হাসানের পরিচালনা পর্ষদের মেয়াদ। দেশের রাজনৈতিক পটপরিবর্তনে তার আগেই সরে দাঁড়ালেন তিনি।
এর আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত এই পরিচালক ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে ছিলেন। এনএসসি থেকেই তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছিল।
এনএসসি থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল সংস্থাটির মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও। কিন্তু তিনি এখনো পদত্যাগ করেননি।
জালাল ইউনুসের শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হয় তাঁকে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি