বিক্ষোভের মধ্যে বাসে আগুন, প্রতিহত করলো শিক্ষার্থীরা
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বসুন্ধরা গেট এলাকার সড়কে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের ফাঁসাতে এক পরিবহন শ্রমিক নিজেই বাসে আগুন ধরিয়ে দিয়েছে। পরে খবর পেয়ে শিক্ষার্থীরা ওই আগুন নেভানোর চেষ্টা চালায়।
আন্দোলন চলাকালে মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিক সুপ্রভাত বাসেরই এক হেলপার হঠাৎ করে এসে বাসে আগুন ধরিয়ে দেয়। এদিকে বাসে আগুন দেয়া ওই শ্রমিককে ধরতে গেলে পুলিশ কৌশলে তাকে পালিয়ে যেতে সাহায্য করে।
রাজধানীতে সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিট অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় আন্দোলনে রাজপথে নামে সহপাঠিরা। মেয়রের আশ্বাসের পরও তারা সড়ক ছাড়েনি। আন্দোলন অব্যাহত রয়েছে।
তাদের সঙ্গে যোগ দিয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এই অবস্থায় তাদের ফাঁসাতে ভিন্ন কৌশল নেয় পরিবহন শ্রমিকরা। আগুন নিয়ে শিক্ষার্থীরা হতবিহ্বল হয়ে পড়েন। এ নিয়ে বিইউপি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
তারা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। পরে শ্রমিকের আগুন লাগানোর বিষয়টি ধরা পড়লে ভুল বোঝাবুঝির অবসান হয়। এ সময় শিক্ষার্থী পানি এনে বাসের আগুন নেভানোর চেষ্টা করে।
বিইউপি'র শিক্ষার্থী আবু তালহা ও শামীম আল হাসান বলেন, বাসটিতে দুই ব্যক্তি আগুন দেন। তারা বিইউপি'র ছাত্র না। আগুন ধরালে ধোয়া বের হয়। পরে ছাত্ররা ধাওয়া দিলে একজন পালিয়ে যায়। আরেকজনকে ধরে ব্যাপক মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি।
ছাত্রদের বক্তব্য দাবি আদায়ের তাদের আন্দোলন অহিংস। সেখানে পরিস্থিতি ভিন্নখাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে সু-প্রভাত বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আগুনে বাসটির ২টি সিট পুরোপুরি পুড়ে গেছে। বিক্ষোভরত শিক্ষার্থীরাই বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে অহিংস বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।
‘নিয়মের চক্রে মরে শেষ হচ্ছি’; ‘উই ওয়ান্ট জাস্টিস’; আবিরের বুকে রক্ত কেন?, কয়লার সড়কে রক্ত কেন?; ‘নিরাপদ সড়ক চাই; ভাইয়ের বুকে রক্ত কেন?; ‘প্রশাসনের প্রহসন মানি না মানব না’; ‘জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে’; ‘সড়ক দুর্ঘটনা বন্ধ হোক’; ‘আমার ভাইয়ের বুকের রক্ত বৃথা যেতে দেব না’; ‘আবরার তোর স্মরণে, ভয় পাই না মরণে’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হচ্ছে বসুন্ধরা গেট সংলগ্ন এলাকা।
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বিইউপি'র শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি