
বাংলাপ্রেস অনলাইন: ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটভিডিও বার্তায় ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মার্কিন দূতাবাস ঢাকার ভেরিফাইড ফেসবুক পেজে ৩৯ সেকেন্ডের এই বার্তাটি আপলোড করা হয়েছে। বিদায়ী এই রাষ্ট্রদূত বাঙালি নারীর ঐহিত্যবাহী পোশাক শাড়ি পরে ভিডিও বার্তায় ভাঙা ভাঙা বাংলায় বলেছেন, ‘ঘুরে-ফিরে বারে বারে, ঈদ আসে ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়। ভালোবাসতে শেখায়। সবাইকে ঈদ মোবারক।’
বাংলাদেশে দায়িত্ব পালনকালে এবারের কোরবানির ঈদ তার শেষ ঈদ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘আমার বিদায়ের আগে শেষবারের মতো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।’ এরপর ইংরেজিতে বিদায়ী এই মার্কিন রাষ্ট্রদূত বলেন, 'I feel privileged to share this Eid greeting one last time before my departure with our nearly 6 million facebook fans!' (আমার বিদায়ের আগে শেষবারের মতো ফেসবুকে আমাদের প্রায় ৬০ লাখ ভক্ত-অনুসারীকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।)
ভিডিও বার্তার শেষ অংশে পুনরায় ভাঙা ভাঙা বাংলায় তিনি বলেন, 'সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।'
মার্শিয়া ব্লুম বার্নিকাট ২০১৫ সালের ২৬ জানুয়ারি ঢাকায় আসেন। ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজের ৬০ লাখ অনুসারীকে ধন্যবাদ জানান মার্শা বার্নিকাট। ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৫তম রাষ্ট্রদূত হিসেবে তিনি ড্যান মজীনার স্থলাভিষিক্ত হন। ঢাকায় আসার ২০ দিনের মাথায় ওই বছরের ১৫ ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বার্নিকাটের সাক্ষাৎ হয়। মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মার্শিয়া বার্নিকাট ২০১৫ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনে শপথ নেন। এ বছরই তাঁর মেয়াদ শেষ হচ্ছে। বার্নিকাটের স্থলাভিষিক্ত হচ্ছেন রবার্ট মিলার।
https://www.facebook.com/bangladesh.usembassy/videos/642785862784234/
এদিকে মার্কিন এই রাষ্ট্রদূত ছাড়াও একই ফেসবুক পেজে ভিডিও বার্তায় মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পমপেও।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]