বাংলাদেশের কোচ হতে রাজি সালাউদ্দিন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে চারটি বিপিএল শিরোপা তুলে ধরেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে এতটা সফল হলেও বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে নেই তিনি। টাইগারদের দায়িত্বে সালাউদ্দিনকে না দেখে বিপিএলের দশম আসর চলাকালে হতাশা প্রকাশ করেছিলেন কুমিল্লার ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী। তিনি জানিয়েছিলেন তার দৃষ্টিতে বাংলাদেশের সেরা কোচ সালাউদ্দিন।
যতবারই বাংলাদেশের কোচ নিয়োগের কথা আসে ততবারই সালাউদ্দিনের নাম চলে আসে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিদেশিদের হাতে তুলে দেয় টাইগারদের কোচিংয়ের দায়িত্ব। সালাউদ্দিন যে কোচ হিসেবে একেবারেই আনকোরা এটা বলা যাবে না। কেননা তিনি এর আগেও টাইগারদের সাবেক সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি যে একজন সফল কোচ তার প্রমাণ প্রতিনিয়তই রেখে যাচ্ছেন। মাশরাফি থেকে শুরু করে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা যখন নিজেদের হারিয়ে ফেলেন তখন এই সালাউদ্দিনের দ্বারস্থ হন। তার কাছ থেকে টিপস নিয়েই নিজেদের ফিরে পান তারা।
কিন্তু এমন কোচ বাংলাদেশের জাতীয় দলের কোচিং করান না বিষয়টি দৃষ্টিকটু হলেও সত্য। বিদেশি অনেক খেলোয়াড়ই তার কোচিংয়ে মুগ্ধ। বিভিন্ন সময় অনেক গণমাধ্যমে টাইগারদের কোচিংয়ের বিষয়টি উঠে এলেও বিসিবি এবং সালাউদ্দিন কেউ কোনো মন্তব্য করেননি।
অবশেষে মুখ খুলেছেন সালাউদ্দিন। সম্প্রতি ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে আগ্রহী তিনি। তবে সেক্ষেত্রে তার শর্ত রয়েছে। আর সেটি হলো কাজের ক্ষেত্রে তাকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে।
ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলের কোচ হওয়ার বিষয়ে সালাউদ্দিন বলেন, সত্যি বলতে কারও অধীনে কাজ করার বয়স আমার নেই। আমাকে যদি প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়, তবে আমি চিন্তা করে দেখব।
তিনি আরও বলেন, হাথুরুর সম্পর্কে যতটা দেখেছি এবং জেনেছি, তার সঙ্গে অন্য কোচরা মানিয়ে নিতে পারে না। আমার যে মন-মানসিকতা, আমি স্বাধীনতা চাই। অন্য কেউ এসে আমার ওপর দাপট দেখালে আমার জন্য কাজ করা কঠিন। আমি স্বাধীনভাবে কাজ করতে চাই।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি