দেশের বর্তমান জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন
বাংলাপ্রেস ডেস্ক: দেশের বর্তমান জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের নতুন এই সময়সূচি জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ানডে সিরিজের ম্যাচগুলো পূর্বনির্ধারিত দুপুর ২টার পরিবর্তে সকাল ১১টায় শুরু হবে। এই ম্যাচগুলো সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যেই শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওয়ানডে সিরিজের তারিখ বা ভেন্যুতে কোনো পরিবর্তন হয়নি।
ওয়ানডে সিরিজের সূচি:
১৭ এপ্রিল: প্রথম ওয়ানডে, মিরপুর।
২০ এপ্রিল: দ্বিতীয় ওয়ানডে, মিরপুর।
২৩ এপ্রিল: তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম।
টি-টোয়েন্টি সিরিজের ক্ষেত্রেও শুরুর সময় এগিয়ে আনা হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দুটি ম্যাচ সন্ধ্যা ৬টার পরিবর্তে দুপুর দুইটায় শুরু হবে, যা বিকেল ৫টা ১০ মিনিটের মধ্যে শেষ হবে। তবে মিরপুরে অনুষ্ঠিতব্য সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আগে থেকেই দুপুর ২টায় নির্ধারিত থাকায় সেটির সময়ে কোনো পরিবর্তন আসেনি।
টি-টোয়েন্টি সিরিজের সূচি:
২৭ এপ্রিল: প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম (দুপুর ২টা)।
২৯ এপ্রিল: দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম (দুপুর ২টা)।
১ মে: তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর (দুপুর ২টা)।
নিউজিল্যান্ড ক্রিকেট দল আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলেছিল কিউইরা। উল্লেখ্য, সরকারের নতুন নির্দেশনায় সন্ধ্যা ৬টার মধ্যে বিপণিবিতান ও অফিস বন্ধের সিদ্ধান্তের পর স্টেডিয়ামে ফ্লাডলাইটের ব্যবহার কমাতে বিসিবি এই উদ্যোগ নিলো।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি