আর্জেন্টিনার পর পোল্যান্ডকেও কাঁপিয়ে দিচ্ছে সৌদি আরব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ফুটবল বিশ্বকাপে সৌদি আরবের মাঠে নামা মানেই প্রতিপক্ষের সহজ জয়। অন্ততপক্ষে কাতার বিশ্বকাপের আগে সৌদিকে ঘিরে এভাবেই সাধারণ চিত্র ছিল। তবে প্রতিবেশী দেশ কাতারে খেলতে নেমে যেন খোলনলচে বদলে গেছে সৌদির ফুটবলাররা।
নিজেদের ফুটবল ইতিহাসের গতিপথই যেন বদলে দিয়ে কাতারের মঞ্চে নেমে। প্রথম ম্যাচেই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে আর্জেন্টিনার বিপক্ষে জয় তুলে নিয়েছিল সৌদি আরব। এবার 'সি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষ পোল্যান্ডের কঠিন পরীক্ষা নিচ্ছে হার্ভ রেনার্ডের শিষ্যরা।
এডুকেশন সিটি স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে ১-০ গোল ব্যবধানে পিছিয়ে থাকলেও রবার্ট লেভানদোভস্কির পোলিশদের চেয়েও বেশি ভালো খেলেছে সৌদিয়ানরা। বল দখল থেকে শুরু করে আক্রমণ, গোলমুখে শট সবকিছুতেই এগিয়ে ছিল সৌদির ফুটবলাররা।
পোল্যান্ড যেখানে মাত্র ৪১ শতাংশ বল নিজেদের পায়ে রাখতে পেরেছে সেখানে সৌদিয়ানরা বল দখলে রেখেছে ৫৯ শতাংশ। পোল্যান্ড ম্যাচে ৩ আক্রমণের মধ্যে ১টি শট গোলমুখে রাখতে পেরেছে। সেখানে সৌদির ফুটবলাররা ৪টি আক্রমণ করে ৩টি শট রেখেছে পোলিশদের গোলমুখে।
তবে ভাগ্য সুপ্রসন্ন বলা যায় পোল্যান্ডেরই। ম্যাচের প্রথমার্ধের একমাত্র গোল আদায় করে নিয়েছে দলটি। ম্যাচের ৩৯তম মিনিটে পোলিশদের পক্ষে গোল করেন পিওতর জিয়েলিনসকি। অন্যদিকে প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি পেয়েও কিনা গোল আদায় করতে পারেনি সৌদি।
দলটির পক্ষে পেনাল্টি মিস করেন আর্জেন্টিনার বিপক্ষে গোল পাওয়া সালেম আল দাউসারি। পোল্যান্ডের গোলরক্ষক ওচেইচ এসজেস্নি নিজের ডানদিকে ঝাঁপিয়ে বাঁচায় গোলটি। তবে সেখান থেকে ফাঁকায় দাঁড়ানো সৌদির স্ট্রাইকার তারেমি বল পায়। এই স্ট্রাইকারের শটটি দারুণ ক্ষিপ্রতায় ফেরান পোলিশ গোলরক্ষক।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি