আপসহীন ৩৬ বছরে পাঁচবার সংসদে

বাংলাপ্রেস ডেস্ক : জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনবারের প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদে দুইবারের বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮১ সালের ৩০ মে দেশি-বিদেশি ষড়যন্ত্রে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে নিহত হওয়ার পর একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন তিনি। এর পর থেকে ৩৬ বছরেরও বেশি সময় ধরে তিনি বিএনপির হাল ধরে আছেন।
১৯৮২ সালের ২৪ মার্চ জেনারেল এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করলে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নামেন খালেদা জিয়া। রাজপথের নেত্রী হিসেবে ১৯৮৪ সালের ১০ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘ ৯ বছর তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দেন।
১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ছিল প্রশংসনীয়। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে বিএনপি। খালেদা জিয়া দীর্ঘ ১৬ বছর পর দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে তিনি স্বল্প সময়ের জন্য আবারও প্রধানমন্ত্রী হন। বিরোধী সব দল ওই নির্বাচনে অংশ না নেওয়ায় একই বছর অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি জাতীয় সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান খালেদা জিয়া।
সেনা সমর্থিত সরকারের অধীনে ২০০৮ সালে অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। বিরোধীদলীয় নেতার আসনে বসেন খালেদা জিয়া। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বর্জন করে খালেদা জিয়া বিরোধীদলীয় নেতার পদ হারান। এরপর অবরোধ ও গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তিন মাস অবস্থান নিয়ে আন্দোলন করেও ব্যর্থ হন তিনি। বিএনপি চেয়ারপারসন হিসেবে রাজনীতিতে পা রাখার পর এরই মধ্যে ৩৬ বছরের বেশি সময় পার করেছেন খালেদা জিয়া। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে একটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ রয়েছেন তিনি। দলটির নেতাদের বিশ্বাস, মিথ্যা মামলায় তাঁকে কারাগারে নেওয়া হয়েছে। এ অবস্থায় এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারছেন না। আগের কোন নির্বাচনে তিনি পরাজিত হন নি।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি