‘আলোকিত নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন শবনম
বিনোদন ডেস্ক: দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে চলচ্চিত্রে একজন নিবেদিত অভিনেত্রী হয়ে বাংলাদেশের সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আসছে নারী দিবসে বিশেষভাবে সম্মানিত হতে যাচ্ছেন জীবন্ত কিংবদন্তী নায়িকা শবনম।
আরটিভি আয়োজিত ‘আলোকিত নারী ২০১৯’ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ৮ মার্চ রাজধানীর অভিজাত একটি পাঁচ তারকা হোটেলে। সেদিন সন্ধ্যায় শবনমের হাতে আরটিভির পক্ষ থেকে এই সম্মাননা তুলে দেয়া হবে বলে জানান শবনম। বাংলাদেশের সিনেমাতে অভিনয় করে চলচ্চিত্রে শবনমের যাত্রা শুরু হলেও দীর্ঘ একটি সময় তিনি পাকিস্তানের সিনেমাতে অভিনয় করেছেন। সেখানে অভিনয় করে সেখানকার সিনেমার সর্বোচ্চ স্বীকৃতি নিগার অ্যাওার্ডে ভূষিত হয়েছেন তিনি এগারোবার।
আজ থেকে বিশ বছরেরও বেশি সময় আগে শবনম দেশে ফিরে দেশেই স্থায়ী হন। তখন তিনি কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় অভিনয় করেন। এই সিনেমাতে অভিনয় করে আবারো দর্শকের ভালোবাসায় মুগ্ধ হন। এতে তিনি প্রয়াত নায়ক মান্না’র আম্মাজানের ভূমিকায় অভিনয় করেন। তবে এরপর আর কোন সিনেমাতে তাকে অভিনয়ে দেখা যায়নি। তবে বাংলাদেশের সিনেমার শুরুর দিকে শবনমের বিশেষ ভূমিকা রয়েছে। একুশে পদক, স্বাধীনতা পদক কিংবা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত না হলেও অবশেষে দীর্ঘ সময় পরে হলেও আরটিভি দেশের কিংবদন্তী এই নায়িকাকে সঠিকভাবে মূল্যায়ণ করছে নারী দিবসে ‘আলোকিত নারী’ সম্মাননায় ভূষিত করার মধ্যদিয়ে।
শবনম বলেন,‘ আমি গর্বিত আমার দেশের প্রধানমন্ত্রী একজন নারী। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সুন্দরভাবে পরিচালনা করে আরো উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাকে এই জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সুন্দরভাবে দেশ পরিচালনার জন্যই আমরা বেশ শান্তিতে বসবাস করছি। ধন্যবাদ আরটিভি পরিবারকে আমাকে নারী দিবসে আলোকিত নারী সম্মাননায় ভূষিত করার উদ্যোগ নেবার জন্য। নিঃসন্দেহে এই সম্মাননা আমার চলার পথকে আরো অনেক বেশি অনুপ্রাণিত করবে। কারণ একজন নারী হিসেবে এই স্বীকৃতি আমাকে একজন নারী হিসেবে আরো আলোকিত করবে।
আজ আমার স্বামী সঙ্গীত পরিচালক রবিন ঘোষ বেঁচে থাকলে অনেক খুশি হতো। আমার ছেলে রনি এই সম্মাননার কথা শুনে ভীষণ খুশি হয়েছে। এই সম্মাননার সাথে সম্পৃক্ত সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা।’ সূত্র: ইয়েস নিউজ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিজয়কে দেখে মুগ্ধ সামান্থা, ‘শুধু পর্দার নায়ক নন, পরিবর্তনেরও নেতা’
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
সঙ্গীত একাডেমি