আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধের আহ্বান আফগানিস্তানের
জাবিহুল্লাহ মুজাহিদ।
বাংলাপ্রেস ডেস্ক: আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যেই আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে আফগান সরকার।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কান্দাহারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারি মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ইসলামাবাদের সামরিক পদক্ষেপ সত্ত্বেও কাবুল কূটনৈতিক সমাধানের পথেই হাঁটতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে আফগান বাহিনীর চালানো পাকিস্তানি বিমান হামলার পাল্টা জবাব দিলে নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। এর প্রতিক্রিয়ায় শুক্রবার ভোরে পাকিস্তান আবারও আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের দান্দ পাতান জেলাসহ বিভিন্ন সামরিক অবস্থানে ব্যাপক বিমান হামলা চালায়।
দু’পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। জাবিহুল্লাহ মুজাহিদের দাবি, এই সংঘর্ষে ১৩ জন আফগান সৈন্য নিহত এবং ২২ জন আহত হয়েছেন। অন্যদিকে, ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার দাবি করলেও পাকিস্তান সেনাবাহিনী ভিন্ন পরিসংখ্যান দিয়েছে। আফগান মুখপাত্র আরও অভিযোগ করেন যে বিমান হামলার কয়েক ঘণ্টা পরও পাকিস্তানের যুদ্ধবিমানগুলো আফগানিস্তানের আকাশসীমায় উড়ছিল।
সীমান্তবর্তী ডুরান্ড লাইন বরাবর চলমান এই সংঘাত নিরসনে ইতোমধ্যেই কূটনৈতিক তৎপরতা শুরু করেছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আফগান শীর্ষ কূটনীতিক আমির খান মুত্তাকি কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। আলোচনায় উত্তেজনা প্রশমন এবং আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে। কাতার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানের অভ্যন্তরে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) তৎপরতায় আফগানিস্তানের মাটি ব্যবহারের অভিযোগ আবারও প্রত্যাখ্যান করেন।
তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তানের অভ্যন্তরীণ যুদ্ধ তাদের নিজস্ব বিষয় এবং আফগানিস্তান তার ভূমি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্রনীতি পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে তৈরি এবং তারা কারো সঙ্গে শত্রুতা বা ক্ষতির পথ বেছে নিতে চায় না বলেও তিনি উল্লেখ করেন। সূত্র: ইয়ানি সাফাক।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি