'আগুন' ছবির মহরত অনুষ্ঠিত

বিনোদন ডেস্ক : দেশীয় চলচ্চিত্রের একমাত্র সুপার স্টার শাকিব খান। কিং খান খ্যাত এই সুপার স্টারের সঙ্গে জুটি বেঁধে আবির্ভাব ঘটলো আরও একজন নতুন নায়িকার। ইতিপূর্বে অনেক নতুন নায়িকা শাকিবের সঙ্গে জুটিবদ্ধ হয়ে তারকা খ্যাতি পেয়েছেন। এবার সেই পথে হাঁটা শুরু করলেন টেলিভিশন চ্যানেলের প্রিয়মুখ উপস্থাপিকা জাহারা মিতু।
জানা গেছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র প্রথম আসরের রানারআপ জাহারা মিতু। ইতিপূর্বে তিনি শাকিবের বিপরীতে ‘আগুন’ নামের ছবিটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন মিতু। বদিউল আলম খোকন ছবিটি পরিচালনা করবেন। ২৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে “আগুন” ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।
এই ছবির মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান। এছাড়াও ছবির নায়ক শাকিব খান, নায়িকা জাহারা মিতু, সিনিয়র অভিনেত্রী সুচরিতা,পরিচালক বদিউল আলম খোকন সহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আগুন ছবিটি প্রসঙ্গে বদিউল আলম খোকন বলেন, ‘আগামী ৩ আগস্ট ছবিটির শুটিং শুরু করবো। দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণ করা হবে। এছাড়া চীনে এর গানের দৃশ্যধারণ করা হবে।’
শাকিব খান-জাহারা মিতু ছাড়াও এতে অভিনয় করবেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত ও আরো অনেকে। ছবির নতুন নায়িকা জাহারা মিতু বলেন, ‘ চলচ্চিত্র আমার জন্যে নতুন কর্মক্ষেত্র। শুরুতেই সুপার স্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করছি। চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করার ক্ষেত্রে এটি আমার জন্যে বড় পাওনা। সবাই আমার জন্যে দোয়া করবেন, যেনো চলচ্চিত্র দর্শকদের মন জয় করতে পারি।’
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি