আগামী নির্বাচনে বিএনপি সহিংসতা করলে তা প্রতিহত করা হবে : কাদের
বাংলাপ্রেস অনলাইন : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জামায়াত সহিংসতা ও নাশকতা করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। ওবায়দুল কাদের আজ বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারীদের নিয়মিত করণের আদেশ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ‘তারা (বিএনপি) আবার তাদের সাম্প্রদায়িক দোসর জামায়াত শিবিরকে সঙ্গে নিয়ে ২০১৪ সালের মত আগামী জাতীয় নির্বাচনের সামনেও নাশকতা করার ছক তৈরি করছে। সরকারকে বেকায়দায় ফেলতে তারা নানা অপতৎপরতা শুরু করেছে।’ সেতুমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় নির্বাচনেও মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা ভাসতে ভাসতে বিজয়ের বন্দরে পৌঁছে যাবে।
ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে একটি মতলবি মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে চক্রান্তের মাধ্যমে সরানোর জন্য পায়তারা শুরু করেছে। তিনি বলেন, বিএনপি কোটা আন্দোলন ও শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনে ভর করে ব্যর্থ হয়ে জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করেছে। জাতিসংঘে আমন্ত্রণ নিয়েও তারা মিথ্যাচার করেছে। কারণ জাতিসংঘ বিএনপিকে কোন আমন্ত্রণ জানায় নি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, গণমানুষের সরকার। এ সরকারের উন্নয়ন ও অর্জনে দেশের মানুষ খুশি। কাদের বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরে ৭ হাজার ৫৯ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছে। তার মধ্যে প্রাথমিক পর্যায়ে নিয়মিত করা হয়েছে ২ হাজার ২শ’ ৫৪ জনকে। আগামী ১৫ অক্টোবর থেকে তারা নিয়মিত হয়ে যাবেন। বাকীরাও পর্যায়ক্রমে নিয়মিত হয়ে যাবে।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি