১১ আগস্ট ২০২৬

৯ ঘণ্টা পর দিনাজপুরে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম
৯ ঘণ্টা পর দিনাজপুরে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

দিনাজপুর প্রতিনিধি: জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের পর দিনাজপুরে ৯ ঘণ্টা ধরে চলা পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (আজ) রাত সাড়ে ৭টার দিকে শ্রমিকরা তাঁদের অবরোধ তুলে নেন।

এর আগে, নিয়ম মেনে দাবি-দাওয়া বিবেচনার আশ্বাস পাওয়ার পর আন্দোলন প্রত্যাহারের কথা জানান দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর এ আলম সিদ্দিকীর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপস) আনোয়ার হোসেন, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এবং জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কোতোয়ালি থানায় সিআইডির এক পরিদর্শককে চড় মারার অভিযোগে গত রবিবার রাতে পরিবহন নেতা মজিবর রহমান মজিবকে পুলিশ গ্রেপ্তার করে। এর প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে বুধবার সকাল ১১টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত দিনাজপুর শহর ও আশেপাশের ৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে তীব্র যানজট তৈরি হয় এবং দুর্ভোগে পড়েন পথচারী ও যাত্রীরা।

অবরোধ চলাকালে এক পথসভায় পরিবহন শ্রমিক নেতারা মজিবের তাৎক্ষণিক মুক্তি, ওই সিআইডি পরিদর্শকের গ্রেপ্তার এবং কোতোয়ালি থানার ওসি-কে প্রত্যাহারের দাবি জানান।

গ্রেপ্তার হওয়া মজিবর রহমান মজিব জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব এবং জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার তাঁকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী কৃষক দল।

মামলার বিবরণ অনুযায়ী, রবিবার রাত সাড়ে ৯টার দিকে সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান তদন্তের কাজে কোতোয়ালি থানায় যান। এ সময় মজিব ও তাঁর দুই সহযোগী ওসির ঘর কোথায় তা জানতে চান। নওয়াবুর রহমান নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে জানান তিনি থানার কেউ নন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মজিব তাঁকে চড় মারেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে পুলিশ তাঁকে আটক করে। এ ঘটনায় পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করার পর সোমবার আদালত মজিবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি