৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পেরু
ভূমিকম্পের প্রতীকী ছবি
বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ পেরুতে বৃহস্পতিবার ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে সতর্কসংকেত বেজে ওঠে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে। তবে পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২।
স্থানীয় সময় দুপুর ১টায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তি হয় ভূপৃষ্ঠের ১০৮ কিলোমিটার গভীরে।
পেরুর জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আয়াকুচো বিভাগের পারিনাকোচাস প্রদেশের কোরাকোরার প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পের মাত্রা বেশি হলেও পেরুর কর্তৃপক্ষ ও দুর্যোগ ঝুঁকি মোকাবেলা সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের স্থাপনা ক্ষতির খবর দেয়নি। ভূ-পদার্থবিদরা জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তি ১০৮ কিলোমিটার গভীরে হওয়ায় ভূপৃষ্ঠে পৌঁছানোর আগে এর বড় একটি অংশের শক্তি শোষিত হয়ে যায়। ফলে উৎপত্তিস্থলের কাছে ভূমিকম্পের তীব্রতা ছিল তৃতীয় থেকে চতুর্থ মাত্রার।
অর্থাৎ সেখানে হালকা থেকে মাঝারি ধরনের কম্পন অনুভূত হয়েছে।
দক্ষিণ ও মধ্য পেরুর বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে। রাজধানী লিমা পর্যন্ত বাসিন্দারা কম্পন অনুভব করার কথা জানিয়েছেন। দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের প্রবণতা বেড়েছে। এর মধ্যে নতুন করে এই ভূমিকম্পের পর পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে।
পাশাপাশি বাড়ির জরুরি অবস্থায় বের হওয়ার পরিকল্পনা পর্যালোচনা করতে এবং জরুরি প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাগ প্রস্তুত রাখতে বলা হয়েছে।
প্রশান্ত মহাসাগরের ‘ভূমিকম্প বলয়’-এ অবস্থানের কারণে পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়। গত কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি হয়েছিল ২০০৭ সালে। ওই বছর ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইকা অঞ্চল। এতে প্রায় ৬০০ মানুষ নিহত হন।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আলবেনিতে স্টেট ক্যাপিটলে আইএসের হামলার ষড়যন্ত্র, নিউ ইয়র্কের নারী গ্রেপ্তার
মালয়েশিয়ায় যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশি-থাই দম্পতিসহ আটক ২৬
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি