৫ বছর বেতন না পেয়ে সাংবাদিকের আত্মহত্যা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মাসের পর মাস বেতন না পাওয়ার এক পর্যায়ে আত্মহত্যা করেছেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর অভিজ্ঞ এক সাংবাদিক। বুধবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, হতাশায় গত রোববার অফিসের নিউজ রুমেই আত্মহত্যা করেন তিনি।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট। টি কুমারের মৃত্যুতে ভারতের সাংবাদিকতা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে মাসের পর মাস বেতন ও বকেয়া না পাওয়া এবং সাংবাদিকদের যে বৃহত্তর আর্থিক সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয়, সেটি নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বেতনের অভাবে আত্মহত্যা করা ভারতীয় ওই সাংবাদিকের নাম টি কুমার। ৫৬ বছর বয়সি কুমার ভারতীয় বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ায় (ইউএনআই) ফটো জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে টি কুমার ইউএনআইর তামিলনাড়ু ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত রোববার সন্ধ্যায় অফিসের নিউজ রুমে টি কুমার আত্মহত্যা করেন এবং পরদিন সোমবার অন্য সহকর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
বার্তা সংস্থা ইউএনআইর কর্মীরা অভিযোগ করেছেন, ৬০ মাস ধরে প্রতিষ্ঠান তাদের কোনো বেতন পরিশোধ করেনি। এক বিবৃতিতে সংস্থাটির কর্মীরা বলেছেন, নিয়মিত বেতন না পাওয়ার কারণে তীব্র আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন টি কুমার। ইউএনআইর এডিটর-ইন-চিফ অজয় কুমার কাউল বেতন না পেয়ে নিজ প্রতিষ্ঠানের এক সাংবাদিকের আত্মহত্যার ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন। ‘পুলিশের এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা উচিত’ বলেও মন্তব্য করেছেন তিনি।
অজয় দ্য ইন্ডিপেনডেন্টকে বলেন, ‘আমরা যতটা জেনেছি, আত্মহত্যার আগে টি কুমার কোনো সুইসাইড নোট রেখে যাননি। (কোনো সমস্যা থাকলে) আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেওয়ার আগে কারণ হিসেবে সেখানে তিনি আর্থিক চাপ বা বেতন বকেয়ার মতো কিছু উল্লেখ করে যেতেন।’ তিনি আরও দাবি করেন, ‘কিছু মানুষ ভুল তথ্য ছড়াচ্ছে। এটি কি আত্মহত্যা নাকি অন্য কিছু? আমরা চাই পুলিশ এটি ভালোভাবে তদন্ত করুক।’
টি কুমারের মৃত্যুর ঘটনা গত সোমবার সকালে টুইটারে প্রথম প্রকাশ করেছিলেন দেশটির জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্ব বিশ্বনাথ। বার্তা সংস্থাটির কর্মীদের বেতন না পাওয়ার বিষয়টিও সামনে এনেছিলেন তিনি। লিখেছিলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, ইউএনআই ৬০ মাস ধরে কর্মীদের বেতন দিচ্ছে না। ইউএনআইয়ের সব কর্মী কিস্তির মাধ্যমে তাদের মাসিক বেতন পাচ্ছেন। কিন্তু সেই কিস্তিও নিয়মিত পরিশোধ করা হয় না।’ তিনি অভিযোগ করেন, কর্মীদের মানসিক চাপের মধ্যে ফেলছে ইউএনআই। বেতন না দেওয়া এবং মানসিক চাপের কারণে একজন চমৎকার সাংবাদিক ও খুবই ভালো একজন মানুষ আত্মহত্যা করলেন।
বিশ্ব বিশ্বনাথ আরও বলেন, ‘টি কুমার অন্য কোথাও নয়, চেন্নাইয়ে অবস্থিত ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার তামিলনাড়ু অফিসের সেন্ট্রাল হলে আত্মহত্যা করেছেন। তার পুরো জীবনটা যে ইউএনআই ধ্বংস করেছে এটি তিনি অনুভব করেছিলেন এবং এখানে আত্মহত্যা করা সেটিরই ইঙ্গিত।’
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি