
বাংলাপ্রেস ডেস্ক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়া বন্ধ থাকা দেশের শিল্পকারখানাগুলো আগামী ৫ আগস্টের আগে খোলা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (২৭ জুলাই) করোনা পরিস্থিতি প্রসংগে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
শিল্পকারখানা খোলা সংক্রান্ত ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৫ আগস্টের আগে শিল্পকারখান খোলা যায় কি-না সে বিষয়ে শিল্পপতিসহ অনেকেই সরকারকে অনুরোধ করেছেন। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই অনুরোধ আপাতত রাখতে পারছি না।
এর আগে ১৩ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিধি-নিষেধে সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ রাখার জন্য প্রজ্ঞাপন জারি করে। সে অনুযায়ী ২৩ জুলাই দেশব্যাপী কঠোর লকডাউন চলছে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসও বিধি-নিষেধকালে বন্ধ থাকবে। সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাফতরিক কাজ ভার্চুয়ালি (ই-নথি, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন। তবে খাদ্য, ওষুধ ও চামড়া রফতানিকারক খাত এই বিধি-নিষেধের আওতামুক্ত থাকবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]