২৪ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ঋতুপর্ণা
বিনোদন ডেস্ক : ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই কলকাতার বাংলা ছবির এই আবেদনময়ী অভিনেত্রী ঢাকার চলচ্চিত্রেও অভিনয় করছেন। আবারও তিনি ঢাকা আসছেন একটি ছবিতে অভিনয় করতে। যদিও দুদিন আগেই ঋতুপর্ণার ঢাকায় আসার কথা ছিল।
কিন্তু ঋতুপর্ণা মেয়ের পরীক্ষার কারণে আসতে পারেননি। অবশেষে ২৪ সেপ্টেম্বর আসছেন তিনি। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘জ্যাম’র শুটিং-এ অংশ নিতে তার এই ঢাকা সফর। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক শেলী মান্না।
নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, বর্তমানে ‘জ্যাম’ ছবির শুটিং হচ্ছে। ছবির বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর এই ছবিটি প্রযোজনার মাধ্যমে আবার চলচ্চিত্র নির্মাণে ফিরেছে প্রয়াত মান্না প্রতিষ্ঠিত কৃতাঞ্জলি চলচ্চিত্র।
প্রয়াত চলচ্চিত্র সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর মূল ভাবনায় ‘জ্যাম’ ছবির কাহিনী বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল ও নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার। ছবিতে আরও অভিনয় করছেন আরিফিন শুভ, ফেরদৌস ও পূর্ণিমা।
জানা যায়, কলকাতার চলচ্চিত্র জগতে ‘শ্বেতপাথরের থালা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে নব্বইয়ের দশকের মাঝামাঝিতে কলকাতার চলচ্চিত্রে অভিষিক্ত হন ঋতুপর্ণা। যদিও ওই ছবিতে তিনি অভিনয় করেছিলেন সহ-অভিনেত্রীর চরিত্রে। আর গুণী নির্মাতা প্রভাত রায়ের ওই ছবিটি ওই বছর শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে জাতীয় পুরস্কার লাভ করে।
ঋতুপর্ণা এরপর ‘সুজন সখী’, ‘নাগপঞ্চমী’, ‘মনের মানুষ’ ও ‘সংসার সংগ্রাম’ ছবির মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন কলকাতার মূলধারার বানিজ্যিক ছবিতে। ঋতুপর্ণ ঘোষের ‘দহন’, ‘উৎসব’, অপর্ণা সেনের ‘পারমিতার একদিন’ ও বুদ্ধদেব দাশগুপ্তের ‘মন্দ মেয়ের উপাখ্যান’ ছবিতে অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়ে বোদ্ধাদের প্রশংসা অর্জন করেন তিনি। আর ‘দহন’ ছবিতে ধর্ষণের শিকার এক নববিবাহিতার চরিত্রে অভিনয় করে ১৯৯৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেন এই সুন্দরী ও গ্ল্যামারাস অভিনেত্রী। বর্তমানে তিনি কলকাতার মূলধারা ও বিকল্পধারা – দুই ধারার ছবিতেই অভিনয় করে চলেছেন। এখনও নিজের রূপের দ্যুতি, গ্ল্যামার আর অভিনয় প্রতিভায় মুগ্ধ রেখেছেন নিজের দর্শক – ভক্তকুলকে।
বাংলাদেশে ‘সাগরিকা’, ‘স্বামী কেন আসামী’, ‘রাঙা বউ’, ‘একটি সিনেমার গল্প’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা। বলা যায়, কলকাতার মতো ঢাকার ছবিতেও তিনি পরিচিত মুখ। অন্যদিকে মুম্বাইয়ের বেশ কিছু হিন্দী ছবিতেও অভিনয় করেছেন ঋতুপর্ণা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি