২০ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের ইতিহাসগড়া সেই ব্যাট

বাংলাপ্রেস ডেস্কঃ ২০১৯ সালে অনুষ্ঠিত ইংল্যান্ড বিশ্বকাপে একটি ব্যাট ব্যবহার করে আট ম্যাচে ৬০৬ রান করেছিলেন সাকিব আল হাসান। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সেই ব্যাটটি নিলামে বিক্রি করে তিনি আয় করেছেন ২০ লাখ টাকা। এই অর্থ ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’- এর মাধ্যমে ব্যয় করা হবে দেশের সুবিধাবঞ্চিতদের সাহায্যার্থে।
বুধবার রাত ১১টা ১৫ মিনিটে শেষ হয় নিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘অকশন ফর অ্যাকশন’ পেইজ থেকে নিলাম আয়োজন করা হয়। সাকিবের প্রিয় ব্যাটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ টাকা। শেষ পর্যন্ত তা ২০ লাখ টাকায় গিয়ে পৌঁছায়। অনেক দর কষাকষির পর ব্যাটটি কিনেছেন আমেরিকার নিউইয়র্কের বাসিন্দা রাজ, যিনি একজন প্রবাসী বাংলাদেশি। সাকিবের প্রিয় ব্যাটটি কিনতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন রাজ। সাকিবও তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।
২০১৯ বিশ্বকাপে চোখ ধাঁধানো অলরাউন্ড নৈপুণ্য দেখান সাকিব। আট ম্যাচে ৬০৬ রান করেন অতিমানবীয় ৮৬.৫৭ গড়ে। সেঞ্চুরি করেছিলেন দুটি, হাফসেঞ্চুরি পেয়েছিলেন পাঁচটি। এছাড়া বিশ্বকাপের আগে-পরে সব মিলিয়ে এই ব্যাট দিয়ে দেড় হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন সাকিব।
যে ব্যাটের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন, সেটি নিলামে তোলার ঘোষণায় আগের দিন সাকিব জানিয়েছিলেন, ব্যাটের চেয়ে দেশের মানুষই তার কাছে বেশি প্রিয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি