১৯ বছরেই বাবা হচ্ছেন ব্রাজিল তারকা এনদ্রিক, ছেলের নাম জানালেন
এনদ্রিক ও তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দা তাদের প্রথম সন্তানের নাম প্রকাশ করেছেন।
বাংলাপ্রেস ডেস্ক: ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি এনদ্রিক ও তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দা তাদের প্রথম সন্তানের নাম প্রকাশ করেছেন। ব্রাজিলিয়ান গণমাধ্যমের সূত্র অনুযায়ী, এই তারকা দম্পতির কোলজুড়ে আসতে যাচ্ছে এক পুত্রসন্তান এবং তার নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’।
বুধবার (২২ জুলাই) ব্রাজিলের সাও পাওলোতে আয়োজিত একটি জমকালো ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান থেকে নামটি জানা যায়। আকাশি ও সাদা ফুলের অনন্য সাজসজ্জার মাঝে বর্ণাঢ্য আয়োজনে হবু সন্তানের এই নামটি বেশ বড় করে প্রদর্শন করা হয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের বাবা-মা হওয়ার চূড়ান্ত প্রস্তুতির একটি মিষ্টি চিত্র ভক্তদের সামনে উন্মোচিত হয়।
এদিকে, ‘কেনদ্রিক’ নামটি প্রকাশের পর থেকেই ফুটবল ও পপ সংস্কৃতির সমর্থকদের মধ্যে এক ধরণের কৌতূহল তৈরি হয়েছে। কারণ নামটি শোনামাত্রই বিশ্বখ্যাত র্যাপার কেনদ্রিক লামারের কথা মনে পড়ে যাওয়া স্বাভাবিক। ২৭টি গ্র্যামিজয়ী এই র্যাপার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ‘কেনদ্রিক’ হিসেবে পরিচিত।
যদিও এনদ্রিক বা গ্যাব্রিয়েলি কেউই স্পষ্ট করেননি যে এই র্যাপারের অনুকরণেই তাদের সন্তানের নাম রাখা হয়েছে কিনা। তবু ক্রীড়া ও হিপ-হপ সংস্কৃতির এই মজার মেলবন্ধন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই বেশ চর্চা শুরু হয়েছে।
চলতি বছরের শুরুর দিকেই এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ভক্তদের এই খুশির খবর জানান গ্যাব্রিয়েলি। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এখন আমরা পাঁচজন’— যেখানে তিনি নিজেকে, এনদ্রিককে, তাদের পোষা দুটি কুকুরকে এবং নতুন আসতে যাওয়া সন্তানকে বুঝিয়েছিলেন। পরে সন্তান যে ছেলে হতে যাচ্ছে সে খবর নিশ্চিত করলেও বেবি শাওয়ারের আগে পর্যন্ত নাম গোপনই রেখেছিলেন এই দম্পতি। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি