১০০ ফুটের আর্জেন্টিনার পতাকা ও মেসির অবয়ব নিয়ে ভক্তদের বিশাল শোভাযাত্রা
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে ফুটবল প্রেমিদের উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টি উপেক্ষা করে ১০০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার জাতীয় পতাকা এবং মেসির ২০ ফুট লম্বা অবয়ব নিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।
বৃষ্টি উপেক্ষা করে পটুয়াখালীর কলাপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল
সোমবার (৮ জুন) সন্ধ্যার আগে কলাপাড়া পৌর শহরের হেলিপ্যাড মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি, পতাকা ও ব্যানার বহন করেন। এ সময় ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ এবং ‘মেসি, মেসি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। বৃষ্টির মধ্যেও সমর্থকদের উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি। রাস্তার দুপাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ শোভাযাত্রা উপভোগ করেন এবং অনেকেই মোবাইল ফোনে ভিডিও ও ছবি ধারণ করেন।
এর আগে হেলিপ্যাড মাঠে শিশু-কিশোর, তরুণ এবং বিভিন্ন বয়সী হাজারো আর্জেন্টিনা সমর্থকের উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। সমর্থকদের অনেকেই মুখে আর্জেন্টিনার পতাকার রঙ এঁকে এবং প্রিয় তারকা মেসির ছবি সংবলিত ব্যানার নিয়ে অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, ফুটবল বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, কলাপাড়ায় এর আগে এত বড় পরিসরে কোনো ফুটবল সমর্থকদের শোভাযাত্রা দেখা যায়নি। বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রুহিয়ার টাঙ্গন ব্যারেজে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
সৃষ্টিকর্তার পরেই যেন মানুষ বিচার বিভাগের ওপর নিজের আস্থা ও বিশ্বাস রাখতে পারে ঝিনাইদহে আইন মন্ত্রী
সঙ্গীত একাডেমি