১০ বছর রোনালদোকে এগিয়ে রেখেছিলেন, এখন মেসিকে সেরা মানেন মুলার
বাংলাপ্রেস ডেস্ক: ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় কে—লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? দীর্ঘদিনের এই বিতর্কে আবারও নিজের অবস্থান পরিষ্কার করেছেন জার্মান কিংবদন্তি থমাস মুলার। তার মতে, সবদিক বিবেচনায় লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার।
সম্প্রতি এক পডকাস্টে মেসি-রোনালদো বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে মুলার বলেন, ‘মেসি নাকি ক্রিশ্চিয়ানো—এই প্রশ্ন আমাকে অসংখ্যবার করা হয়েছে, প্রয়োজনের চেয়েও অনেক বেশি।’
তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে তার পছন্দ ছিল রোনালদো। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই দৃষ্টিভঙ্গি বদলেছে। মুলারের ভাষায়, ‘আমার ক্যারিয়ারের প্রথম ১০ বছর আমি ক্রিশ্চিয়ানোর পক্ষেই ছিলাম। কিন্তু পুরো বিষয়টি বিবেচনা করলে মনে হয় লিওনেল মেসিই সর্বকালের সেরা। বিশেষ করে ২০২২ বিশ্বকাপে তিনি যা করেছেন, এরপরও যেভাবে পারফর্ম করে যাচ্ছেন, তা তাকে একজন প্রকৃত বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’
মুলার মনে করেন, মেসির শ্রেষ্ঠত্ব শুধু ট্রফি বা পরিসংখ্যান দিয়ে বিচার করা যায় না। তিনি বলেন, ‘তারকা হয়ে ওঠার অনেক আগে থেকেই তাকে দেখে ফুটবল উপভোগ করা যেত। এটি কোনো সাময়িক চমক নয়, প্রায় দুই দশক ধরে একইভাবে মানুষকে মুগ্ধ করে যাচ্ছে। পরিসংখ্যানের পাশাপাশি খেলার যে আনন্দ সে দেয়, সেটাই তাকে আলাদা করে। তাই আমার কাছে লিওনেল মেসিই সেরা।’
অবশ্য মেসিকে এগিয়ে রাখার কথা মুলার এই প্রথম বলেননি। এর আগেও তিনি স্বীকার করেছিলেন, একসময় রোনালদোর প্রতি বেশি ঝোঁক থাকলেও পরে মেসির খেলার সৌন্দর্য ও ধারাবাহিকতায় মুগ্ধ হয়ে নিজের মত পরিবর্তন করেন।
মেসির বিপক্ষে মুলারের সফলতা
ক্লাব ফুটবলে মেসির বিপক্ষে মুলারের রেকর্ড বেশ সমৃদ্ধ। বার্সেলোনার বিপক্ষে ১০ ম্যাচে তিনি করেছেন ৮ গোল এবং করিয়েছেন আরও ২টি। এসব ম্যাচের মধ্যে ৭টিতে জয় পেয়েছে মুলারের দল, আর মেসির দল জিতেছে মাত্র ৩টিতে।
পরে পিএসজির জার্সিতে মেসির সঙ্গে আরও দুইবার মুখোমুখি হন মুলার। ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতেও দুই লেগেই জয় তুলে নেয় বায়ার্ন মিউনিখ।
আন্তর্জাতিক ফুটবলেও মেসির বিশ্বকাপ স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মুলার। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানি ৪-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। এরপর ২০১৪ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে জার্মানি।
রোনালদোর বিপক্ষে ভিন্ন চিত্র
অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপক্ষে মুলারের পরিসংখ্যান ততটা উজ্জ্বল নয়। ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের লড়াইয়ে দুজন মুখোমুখি হয়েছেন আটবার।
এসব ম্যাচে মুলার গোলের দেখা না পেলেও রোনালদো করেছিলেন ৯ গোল। সেই সময় বায়ার্ন ও রিয়ালের চারটি নকআউট দ্বৈরথের মধ্যে তিনটিতেই জয় পেয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। ২০১৪ ও ২০১৭ সালের কোয়ার্টার ফাইনাল এবং ২০১৮ সালের সেমিফাইনালে বায়ার্নকে বিদায় করে দেয় রিয়াল মাদ্রিদ। বাভারিয়ানদের একমাত্র সাফল্য আসে ২০১২ সালে, টাইব্রেকারে নাটকীয় জয়ের মাধ্যমে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি